
শেষ আপডেট: 3 April 2023 06:25
দ্য ওয়াল ব্যুরো: কাজের সূত্রে নিজের বাড়ি ছেড়ে বাইরে এসে থাকেন অগুনতি মানুষ৷ জীবিকার জন্য ভিন রাজ্যে কিংবা ভিন দেশেও পাড়ি দেন কেউ কেউ। তবে সেখানে মাথার উপর একটুকরো ছাদ খুঁজে পেতে হিমশিম খেতে হয়। বাড়তি ভাড়া, কিংবা বাড়িওয়ালাদের ডিপোজিটের দাবি, পকেটে টান, সব মানিয়ে ভালো একটা থাকার জায়গা জোগাড় করা শক্ত বৈকি। আর জায়গাটা যদি আইটির রাজধানী বেঙ্গালুরু (Bangalore) হয়, তবে তো আর কথাই নেই।
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন মন্থন গুপ্ত নামে এক ব্যক্তি। তিনি একটি ছোট্ট ঘরের (room) ছবি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে একটা আসবাবপত্র সমেত সাজানো গোছানো একটা ঘর খুঁজে পেলাম থাকার জন্য। তাও আবার বেঙ্গালুরুতে।'
ছবিটিতে দেখা যায়, একটি ছোট্ট ঘরে একটি ছোট্ট খাট রয়েছে, দেওয়ালে একটি ছোট্ট জানলাও রয়েছে। যেখান দিয়ে রোদ আসে। ঘরের ভিতরেই রয়েছে বাথরুম।
বেঙ্গালুরুতে যেহেতু ঘর খুঁজছেন, এমন লোকজনের সংখ্যা কম নয়, তাই অসংখ্য কমেন্ট পড়তে শুরু করে সেই পোস্টে৷ নেটিজেনরা কেউ কমেন্ট করে ঘরটির ভাড়া জানতে চান। কেউ লেখেন বেঙ্গালুরুতে এমন ঘর খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু ব্যাপারটা কি সত্যিই এতো ই সহজ? উত্তর হল, না। কিছুক্ষণ পর আসল টুইস্ট (twist) খোলসা করেন পোস্টদাতা নিজেই।
কমেন্টে মন্থন লেখেন, আসলে এটি একটি জেলের সেল। তিনি নেটিজেনদের উদ্দেশ্যে বলেন, ইমেজ ডেসক্রিপশন দেখতে। সেখানে স্পষ্ট লেখা, এটি একটি জেলের সেল। মজার ছলেই পুরো ব্যাপারটাই করেছেন মন্থন।
তবে তারপরও কমেন্ট করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন, 'আমার ঘরের থেকে হয়তো ছোট কিন্তু আমার ঘরে তো সিকিওরিটি নেই'। আরেক ইউজার লিখেছেন, 'এমন একটা সেল পেতেও হয়তো খুব কষ্ট করতে হবে।'
প্রসঙ্গত, প্রথম বিশ্বের বহু দেশেই সাজাপ্রাপ্ত আসামিদর এমনই সাজানো গোছানো সেলে থাকতে দেওয়া হয় হাজতে। ইউরোপের কোনও কোনও দেশে সেলের মধ্যেই থাকে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার কিংবা ল্যাপটপ। এছাড়া বই তো থাকেই। সেখানে অপরাধীদের শুধু শাস্তি দেওয়াই নয়, সত্যিই তাঁদের সংশোধন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই মুখ্য উদ্দেশ্য।
মরণ ফাঁদ! ইনদওরের মন্দিরের ২০০ বছরের পুরনো সেই কুয়ো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার