
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 30 November 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: কাস্টমার টানতে আজকাল বহু গয়নার দোকান হরেক রকম অফার নিয়ে হাজির হয়। যার মধ্যে লাকি ড্র-ও থাকে। অনেকেই এই সব প্রতিযোগিতায় সেভাবে অংশগ্রহণ করেন না। অনেকে করলেও তেমন গুরুত্ব দিয়ে আর দোকানে গিয়ে জিতলেন কি না, তা চেক করেন না। কিন্তু ভেবে দেখেছেন কী যদি সেই কুপনেই হয়ে যান কোটিপতি! স্বপ্নের মতো বিষয় হলেও এমনই ঘটেছে সম্প্রতি সিঙ্গাপুরে। স্ত্রীর জন্য গয়না কিনে কোটিপতি হয়েছেন এক ব্যক্তি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সিঙ্গাপুরের মুফাসা জুয়েলারি থেকে ন্যূনতম ১৫ হাজার ৭৮৬ টাকার গয়না কিনতে হত। কিন্তু তার থেকে অনেক বেশি টাকা দিয়ে স্ত্রীকে গয়না কিনে দেন ভারত বংশোদ্ভূত বালাসুব্রমণ্যহ্ম চিদাম্বরম। ৩.৭ টাকা দিয়ে গয়না কিনে সকলের মতো তিনিও লাকি ড্রয়ের কুপন পান।
কিছুদিন পর জানতে পারেন সেই প্রতিযোগিতায় জিতেছেন তিনি। পাচ্ছেন ১০ লাখ ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় পরিমাণ ৮.৪৫ কোটি টাকা। সোনার দোকানের তরফে ইন্টাগ্রামেও পোস্ট করে জয়ী ঘোষণা করা হয় চিদাম্বরমকে।
এত টাকা জিতেছেন জেনে প্রথমেই তিনি পৌঁছন সিঙ্গাপুরের ভারতীয় হাই কমিশনে। পুরো বিষয়টি জানান। পরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়ে বলেন, 'আমার বাবার চতুর্থ মৃত্য়ুবার্ষিকী আজ। এটা তাঁর আশীর্বাদ।'এত টাকা নিয়ে কী করবেন ব্যক্তি? জানান, কিছু টাকা তিনি দান করবেন।
এই সপ্তাহের শুরুতে ১৮০৪.১৬ কোটি টাকা একটি জ্যাকপট থেকে জিতেছিলেন ব্রিটেনের এক ব্যক্তি।