লম্বা শব্দ মনে রাখা একটু কঠিন বটে, তবে এরও কৌশল আছে। যদি বড় শব্দটিকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের মানে বোঝা যায়, পুরো শব্দটি আর ততটা জটিল লাগে না।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 October 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি (English Language)। পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং চর্চিত ভাষার অন্যতম। বিশ্বজুড়ে দেড়শো কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন। বহুল প্রচলিত এই ভাষার কিছু চমকপ্রদ ব্যাপার আছে। হলফ করে বলা যায়, অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত নয়।
শুনলে অবাক হবেন, ইংরেজি ভাষায় এমন সব শব্দ আছে যেগুলি উচ্চারণ করতে গিয়ে নিঃশ্বাস ফুরিয়ে যায়! কিন্তু এগুলিই ভাষার এক বিস্ময়। একাধিক ছোট শব্দকে একসঙ্গে করে তৈরি করা এমন বিশাল সব শব্দ, যেগুলি একই সঙ্গে মজার এবং শেখার মতোও।
লম্বা শব্দ (Longest Word) মনে রাখা একটু কঠিন বটে, তবে এরও কৌশল আছে। যদি বড় শব্দটিকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের মানে বোঝা যায়, পুরো শব্দটি আর ততটা জটিল লাগে না। অনেক সময় এই বিশাল শব্দগুলির মধ্যেই লুকিয়ে থাকে ভাষার সৌন্দর্য ও ইতিহাস।
বিশ্বের সবচেয়ে লম্বা শব্দ
তথ্য অনুযায়ী, ইংরেজি ভাষার সবচেয়ে লম্বা শব্দটির দৈর্ঘ্য অবিশ্বাস্য - ৫২টি অক্ষর! এই বিশাল শব্দটি আসলে সাতটি ছোট শব্দ মিলিয়ে তৈরি। অভিধানে হয়তো এই শব্দ খুঁজে পাবেন না, তবে ভাষাবিদদের কাছে এটি পরিচিত বিশ্বের দীর্ঘতম ইংরেজি শব্দ হিসেবে।
Aequeosalinocalcalinoceraceoaluminosocupreovitriolic
এটাই ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ - গঠিত হয়েছে সাতটি শব্দ মিলিয়ে। ৫২ অক্ষরের এই শব্দটি প্রথম তৈরি করেছিলেন ড. এডওয়ার্ড স্ট্রোথার, ইংল্যান্ডের বাথ শহরের উষ্ণজলের গুণাগুণ বোঝাতে। শব্দটির প্রতিটি অংশের নিজস্ব অর্থ রয়েছে, যা একসঙ্গে মিলে তৈরি করেছে এই বিস্ময়কর শব্দবন্ধ -
Aequeo: সমতা বা সমান থাকার ভাব বোঝায়
Salino: লবণযুক্ত বা লবণধর্মী কিছু বোঝায়
Calcalino: ক্যালসিয়াম-সম্পর্কিত
Ceraceo: মোমের মতো বা মোমধর্মী গুণসম্পন্ন
Aluminoso: অ্যালুমিনা বা অ্যালুমিনিয়ামযুক্ত
Cupreo: তামা-সম্পর্কিত
Vitriolic: কাচের মতো উজ্জ্বল বা তীক্ষ্ণ গুণযুক্ত
এর পাশাপাশি ইংরেজি ভাষায় আরও কিছু শব্দ রয়েছে, যেগুলিও দৈর্ঘ্যে ও গঠনে বিস্ময় জাগায়। নীচে এমন কয়েকটি দীর্ঘ শব্দ ও তাদের অর্থ দেওয়া হল -
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis
এটি ইংরেজি ভাষার আরেকটি দীর্ঘ শব্দ, মোট ৪৫ অক্ষরের। শব্দটি তুলনামূলকভাবে নতুন এবং বিশেষ ধরনের চিকিৎসাবিজ্ঞানের পরিভাষা। অক্সফোর্ড ডিকশনারি এই শব্দটিকে কৃত্রিম বা ‘Factitious’ বলেও উল্লেখ করেছে। এটি এমন এক ফুসফুসের রোগ বোঝায়, যা সিলিকা ধুলো দীর্ঘদিন শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে হয়। সাধারণত এই রোগকে সংক্ষেপে Silicosis বলা হয়, কারণ তার পূর্ণরূপটি মনে রাখা কঠিন।
Hippopotomonstrosesquippedaliophobia
এটি ৩৬ অক্ষরের এক বিশাল শব্দ, যা ইংরেজি ভাষার অন্যতম দীর্ঘ শব্দ হিসেবে পরিচিত। মজার বিষয় হল, শব্দটির অর্থই হল - দীর্ঘ শব্দের প্রতি ভয়! ব্যঙ্গাত্মক হলেও সত্যি, এই শব্দটি সাধারণ অভিধানে সচরাচর পাওয়া যায় না।
Pseudopseudohypoparathyroidism
এটি ইংরেজি ভাষার আরেকটি দীর্ঘ শব্দ, যার দৈর্ঘ্য ৩৫ অক্ষর। শব্দটি চিকিৎসাবিজ্ঞানের পরিভাষা এবং বোঝায় Hereditary Pseudohypoparathyroidism-এর একটি মাঝারি মাত্রার উদাহরণ, যা রোগটির লক্ষণগুলোকে অনুকরণ করে, কিন্তু রক্তে ক্যালসিয়াম বা ফসফরাসের অতিরিক্ত পরিমাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অর্থাৎ, এটি মূল রোগের মতো দেখালেও তার প্রকৃতি আলাদা।
Supercalifragilisticexpialidocious
এটি ৩৪ অক্ষরের এক দীর্ঘ ইংরেজি শব্দ, যার জনপ্রিয়তা শুরু হয়েছিল ১৯৬৪ সালের ডিজনির বিখ্যাত মিউজিক্যাল 'মেরি পপিন্স' থেকে। শব্দটির অর্থ আসলে বিশেষ কিছু নয় - এমন এক মজার অভিব্যক্তি, যা তখন বলা হয় যখন বলার মতো অন্য কিছু মাথায় আসে না। এখন অনেক অভিধানেই এই শব্দটি স্থান পেয়েছে, মূলত সেই সিনেমা ও নাটকে।
Floccinaucinihilipilification
মোট ২৯ অক্ষরের। এটি একটি বিশেষ্য (Noun) হিসেবে ব্যবহৃত হয় এবং অর্থ হল - কোনও কিছুকে তুচ্ছ বা গুরুত্বহীন মনে করার অভ্যাস বা প্রবণতা। অর্থাৎ, যখন কেউ কোনও বিষয়কে হালকাভাবে নেয় বা গুরুত্ব কমিয়ে দেখে, তখন এই শব্দটি ব্যবহার করা হয়।
Spectrophotofluorometrically
এটি ২৮ অক্ষরের এক দীর্ঘ ইংরেজি শব্দ, যা ইংরেজির অন্যতম দীর্ঘ শব্দের তালিকায় অন্তর্ভুক্ত। শব্দটি একটি ক্রিয়াবিশেষণ (Adverb) হিসেবে ব্যবহৃত হয় এবং বোঝায় - একটি যন্ত্র, Spectrophotofluorometer দ্বারা নির্গত আলো পরিমাপের ক্রিয়াকে। অর্থাৎ, এটি আলো নির্ণয়ের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে বিশেষভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
Antidisestablishmentarianism
এটি আরেকটি ২৮ অক্ষরের ইংরেজি শব্দ, যা রাজনৈতিক দার্শনিকতার সঙ্গে সম্পর্কিত। শব্দটি বোঝায় এমন একটি রাজনৈতিক দর্শন, যা রাষ্ট্র ও চার্চের সঙ্গে বিরোধী, অর্থাৎ যেখানে সরকার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্বকে সীমিত বা প্রত্যাখ্যান করা হয়। এটি প্রায়শই বিবেচিত হয় সবচেয়ে দীর্ঘ সাধারণ (Non-Coined, Non-Technical) ইংরেজি শব্দ হিসেবে, যা দৈনন্দিন ভাষায় ব্যবহারযোগ্য।
Psychoneuroendocrinological
এটি ২৭ অক্ষরের এক দীর্ঘ ইংরেজি শব্দ, যা ইংরেজির দীর্ঘ শব্দগুলোর মধ্যে গণ্য হয়। শব্দটির অর্থ হল মানুষের আচরণ ও হরমোনের মধ্যে সম্পর্ক নিয়ে মনস্তাত্ত্বিক অধ্যয়ন। এটি সাধারণত একটি বিশেষণ (Adjective) হিসেবে ব্যবহৃত হয়, যেমন কোনও বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক প্রসঙ্গে বিষয়টি বর্ণনা করার জন্য।
Pneumoencephalographically
এটি ২৬ অক্ষরের একটি প্রযুক্তিগত (Technical) শব্দ, যা প্রাচীন চিকিৎসাবিজ্ঞানের একটি পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। এটি এক প্রাচীন চিকিৎসা পদ্ধতির বিশেষ পরিভাষা, যা আজকাল আর প্রচলিত নেই।
Otorhinolaryngological
এটি ২২ অক্ষরের একটি দীর্ঘ ইংরেজি শব্দ, যা সাধারণত বিশেষণ (adjective) হিসেবে ব্যবহৃত হয়। শব্দটি বোঝায় কোনও বিষয় বা অবস্থার সঙ্গে কান, নাক এবং গলার চিকিৎসা বা গবেষণার সম্পর্ক, অর্থাৎ এটি ওটোরাইনোল্যারিংগোলজি (Otorhinolaryngology) সংক্রান্ত কোনও কিছুকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
Incomprehensibilities
এটি ২১ অক্ষরের একটি শব্দ, যা দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করা হয়। শব্দটির অর্থ হল - যে বিষয়গুলি বোঝা যায় না বা যা অনুধাবন করা সম্ভব নয়, অর্থাৎ Incomprehensible বা বোধগম্য নয় এমন কিছুর বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
এবার আপনি ভাবুন কোনও শব্দ কোথায়, কীভাবে আর কার জন্য ব্যবহার করবেন!