
ভাইরাল ভিডিও-র অংশবিশেষ।
শেষ আপডেট: 24 December 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: দুরপাল্লার ট্রেনে হামেশাই ফ্লাক্সে করে চা নিয়ে উঠে বিক্রি করতে দেখা যায় অনেককে। অনেকটা সেই স্টাইলে মাঝ আকাশে ৩৬ হাজার ফুট উচ্চতায় বিমানে চা বিলি করতে দেখা গেল এক যাত্রীকে। ইতিমধ্যে ভাইরাল ভিডিও।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, হাসিমুখে ফ্লাক্স থেকে চা ঢেলে সহযাত্রীদের বিলি করছেন এক যাত্রী। ক্যাপশনে লেখা- 'ইন্ডিগো ওয়ালা!'
পোস্ট হওয়ার পর থেকে প্রায় ৭ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে। উপছে পড়ছে কমেন্ট বক্স। রসিকতার সুরে এক নেট নাগরিকের টিপ্পনি, "ভারতীয়রা যে কোনও সময় যে কোনও জায়গায় এটি করতে পারে!'
ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর বিমানে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, একেবারে ট্রেনের স্টাইলে চায়ে চায়ে করে সহযাত্রীদের চা বিলি করছেন এক ব্যক্তি। তার সঙ্গে আরও একজন রয়েছেন। তিনি একটি করে কাগজের কাপ এগিয়ে দিচ্ছেন। সোৎসাহে সেই চা পান করছেন যাত্রীরাও।
View this post on Instagram
বিমানে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। এমনকী নিরাপত্তার কারণে যাত্রীদের জলের বোতল নিয়েও বিমানে উঠতে দেওয়া হয় না। বিমানে ওঠার পর এসবই দেওয়া হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে। সেখানে ওই ব্যক্তি ১ লিটারের ফ্লাক্সের মধ্যে কী করে গরম চা নিয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকদের একাংশ।
একজনের প্রশ্ন, "নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে চা নিয়ে বিমানে উঠলেন ওই ব্যক্তি?" রসিকতার সুরে আর একজন লিখেছেন, "দেশে এখনও বিবেকবান মানুষ রয়েছেন, এঘটনা তাই প্রমাণ করে!" তবে ওই ব্য়ক্তি কীভাবে চা নিয়ে বিমানে উঠলেন, তা স্পষ্ট নয়।