
শেষ আপডেট: 19 October 2023 17:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতে সুরাপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়। ট্রাভেল করার সময় সঙ্গে অ্যালকোহল থাকবে না, তা কখনও হয় নাকি! নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় ঘরোয়া বিমানে বা অন্য দেশে যাওয়ার সময় আন্তর্জাতিক উড়ানে কতটা অ্যালকোহল সঙ্গে নিয়ে ওঠা যাবে সে প্রশ্ন অনেকেরই আছে। ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানে কতটা মদ নিয়ে ওঠা যাবে এবং আবগারি দফতরও চোখ রাঙাবে না, তা জেনে নিন।
আসলে, প্লেনে কতটা অ্যালকোহল নিয়ে ওঠা যাবে তার পরিমাপ সুনির্দিষ্ট নয়। প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু নিয়মকানুন আছে। সেটা নির্ভর করছে আপনি কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে প্লেনে উঠছেন তার উপর। সাধারণত প্রতিটি যাত্রীকে প্লেনে ভ্রমণ কয়ার সময়ে মাত্র ১০০ মিলি মাপের পাত্রে তরল, জেল এবং অ্যারোসল বহন করার অনুমতি দেওয়া হয়। যদি এর থেকে বেশি কিছু থাকে, তা হলেও আপনি এটি ক্যারি অন ব্যাগে প্যাক করতে পারবেন না।
আমেরিকায় এক লিটারের বোতল সঙ্গে করে নিয়ে যেতে দেয়। কিন্তু আপনি যদি এমন পাঁচটা বোতল নিতে চান, তাহলে বাকি চারটির জন্য কর দিতেই হবে।
গোয়া বা আমস্টারডাম গেলে অনেকেই সস্তায় অ্যালকোহল কিনে তা নিয়ে আসতে চান। লোকাল ওয়াইন হোক বা হুইস্কি, আপনি যত খুশি কিনতে পারেন তবে অতিরিক্ত বহন করার জন্য করটুকু দিতেই হবে। তাছাড়া আপনি অ্যালকোহল বা বেভারেজ যাই নিন না কেন, তা ওজন বুঝেই নিতে হবে। খোলামুখ বোতল বা একবার ব্যবহার করার পর সেই বোতল ক্যারি-অন ব্যাগে নেওয়া যাবে না। একেবারে সিল করা নতুন বোতলই নিতে হবে। ইউরোপ ও এশিয়ার অনেক জায়গায় ২টি স্ট্যান্ডার্ড সাইজের (750mL) বোতল বিনামূল্যে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে আবার নিয়ম অন্য। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী প্রতি ২ লিটার মদ নিয়ে যাওয়া বা নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে কর ছাড়া এর চেয়ে বেশি আনার চেষ্টা করলে পাকড়াও করবে আবগারি দফতরের কর্তারা।