কর্তৃপক্ষ জানিয়েছে, রাইডটি থামার পর এবং যাত্রীরা নামতে শুরু করার সময় দেখা যায় ওই মহিলা নড়াচড়া করছেন না।

ছবি - এআই
শেষ আপডেট: 9 October 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: ভূতুড়ে রাইডের নেশাই প্রাণ কাড়ল না তো! রূপকথার স্বপ্নরাজ্যে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬০ বছর বয়সি এক মহিলার।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড থিম পার্কে। জনপ্রিয় 'Haunted Mansion Holiday' রাইড চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাইডটি থামার পর এবং যাত্রীরা নামতে শুরু করার সময় দেখা যায় ওই মহিলা নড়াচড়া করছেন না। সঙ্গে সঙ্গে পার্কের নিরাপত্তা কর্মীরা সিপিআর (CPR) দেন এবং কিছুক্ষণের মধ্যেই রেসকিউ টিম পৌঁছে যায়।
প্রায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সরকারি সূত্র জানিয়েছে, ওই মহিলা তখনই হ্যালোউইন থিমের ‘Haunted Mansion’ রাইড থেকে নামছিলেন। এই রাইডটি ক্লাসিক হন্টেড ম্যানশন অভিজ্ঞতার সঙ্গে টিম বার্টনের জনপ্রিয় চলচ্চিত্র “The Nightmare Before Christmas”-এর চরিত্রগুলিকে মিশিয়ে তৈরি।
অ্যানাহেইম পুলিশ এক বিবৃতিতে বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, কোনও মেডিক্যাল সমস্যা বলেই মনে হচ্ছে। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিজনির ‘Haunted Mansion’ বা ‘It’s a Small World’-এর মতো রাইডগুলো খুবই ধীর, নিরাপদ এমনকী প্রবীণ ব্যক্তিরাও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন। তাই এমন একটি রাইডে গুরুতর কিছু হওয়া বেশ অস্বাভাবিক।”
International Theme Park Services Inc.-এর প্রধান ডেনিস স্পিগেল জানান, রাইডটি খুব ধীরে চলে, প্রতি ঘণ্টায় প্রায় এক মাইল গতিতে এবং এতে অতিথিরা “Doom Buggy” নামক যানবাহনে বসে ঘুরে দেখেন। ফলে এটি ঘুমপাড়ানি মনে হলেও বিপজ্জনক নয়।
তিনি বলেন, “এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পার্কে ভ্রমণকারীদের ভয় পাওয়ার কিছু নেই। ডিজনি ও ইউনিভার্সাল উভয়েই তাদের রাইডগুলো নিয়মিতভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহে ও মাসে নিরাপত্তা পরীক্ষা করে।”
ডিজনিল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী, “The Haunted Mansion রাইডটি অন্ধকার এবং কিছুটা ভৌতিক দৃশ্য থাকলেও এতে কোনও হিংসাত্মক বা রক্তাক্ত উপাদান নেই। এটি একটি ধীরগতির, পরিবার-বান্ধব রাইড।”
উল্লেখ্য, গত মাসেই হংকং ডিজনিল্যান্ডে ‘Frozen Ever After’ রাইড চলাকালীন ৫৩ বছর বয়সি এক ফিলিপিনো পর্যটক অজ্ঞান হয়ে মারা যান।