
শেষ আপডেট: 5 September 2023 08:54
দ্য ওয়াল ব্যুরো: আমাদের দেশে প্রতিভার অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন নানান প্রতিভা দেখা যায়। বিশ্ব দরবারে সেইসব প্রতিভা ছড়িয়েও পড়ে। বিশেষত, আমাদের দেশের মানুষের 'জুগাড়' প্রতিভা, বাংলায় অনুবাদ করলে যে শব্দের অর্থ দাঁড়ায় ‘সামান্য জিনিস ব্যবহার করে একটি কার্যকারী ব্যবস্থা গড়ে তোলা’র ক্ষমতার খামতি নেই। তেমনই এক ‘সৃজনশীলতা’র গল্প নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরলেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)। সেখানে এক বাঙালি বৌদির কীর্তি দেখে মজেছেন নেটিজেনরা।
প্রায় প্রতিটি বাড়িতে প্রতিদিন কোনও না কোনওভাবে নিতান্তই বাতিল জিনিস দিয়ে মেরামতি বা অভিনব উদ্ভাবনের ঘটনা ঘটে! বাঙালি ঘরে তো এমন নানান নজির রয়েছে। তেমনই হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অভিনব জলের কল (jugaad tap) যা আসলে পরিচিত জলের কল নয়! কী শুনে অবাক হলেন? আসলে জলের কল না থাকায় টুথপেস্টের খালি খোল দিয়ে অভিনব ব্যবস্থা করলেন বাঙালি বধূ!
একটি জলের পাইপ ইট-পাথরের পাঁজার মধ্যে আটকে গেছিল। দরকার ছিল সেই পাইপটিকে বাইরে বের করে আনার। সেটা যেমন সময়সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। কিন্তু ‘মগজাস্ত্র’ যেখানে সক্রিয় সেখানে এসব কোনও বাধাই হতে পারে না। পাইপের শেষের অংশে একটি খালি টুথপেস্ট টিউবের পেছনের অংশ কেটে লাগিয়ে দেওয়া হয়েছে। টিউবের মুখ দিয়ে কলের মত বেরিয়ে আসছে জল। জল বন্ধ করার প্রয়োজন পড়লে টিউবের মুখে শুধু ছিপিটা আটকে দিলেই কাজ হয়ে যাচ্ছে।
কেউ বলছেন, এটাই ভারত, নুন্যতম সামগ্রী দিয়ে বড় কাজ চালানো এটাই তার উদাহরণ। আবার কেউ ইংরেজি প্রবাদ উদ্ধৃত করে বলছেন, প্রয়োজনই উদ্ভাবনের জননী। একজন লিখেছেন, যে কোনও জায়গায় যে কোনও উদ্ভাবনী শক্তির প্রকাশ দেখলেই তারিফ করা উচিত কারণ ভবিষ্যৎ পৃথিবীতে শুধুমাত্র এঁরাই থাকবেন।
আরও পড়ুন: দুটি হাত নেই, পায়ে লিখেই ভবিষ্যৎ গড়েন বর্ধমানের শিক্ষক জগন্নাথ