
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 February 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: যে শহরেই থাকুন না কেন—দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু বা অন্য কোথাও—একটি সমস্যা কিন্তু সবারই চেনা। তা হল ট্রাফিক জ্যাম। আর এই জ্যামে যদি বিয়ের শোভাযাত্রা আটকে যায়, তাহলে তার থেকে সমস্যার আর কী-ই বা হতে পারে। তবে শোভাযাত্রা আটকে গিয়েছে তো কী হয়েছে, বর হেঁটেই বিয়ে করতে যাবে। তেমনই এক বরকে জ্যাম টপকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা গেল।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ঠিক এমনই মজার ঘটনা ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক বর ফুলে-ফেঁপে সেজে ট্রাফিক জ্যামের মধ্যে আটকে পড়েছেন। আর তাঁর শোভাযাত্রা তাঁকে রেখে দিব্যি এগিয়ে গেছে! ফলে নিরুপায় বরকেই হাঁটতে হয় নিজের বিয়ের অনুষ্ঠানের দিকে।
View this post on Instagram
‘শৌর্য দাওয়ার’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয় ২৪ জানুয়ারি। ভিডিওটি ইতিমধ্যেই ২৪ লাখের বেশি ভিউ পেয়েছে। যদিও ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে তা নিশ্চিত নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বর বিয়ের পোশাক পরে ব্যস্ত রাস্তায় গাড়ির ফাঁক গলে হেঁটে যাচ্ছেন, শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা, '৩০ বছর বয়সে, জীবনের প্রথম ও শেষ বিয়ের সুযোগ, আর সেই সময় এমন জ্যামে পড়লেন যে ভাবতে বাধ্য হলেন—ব্রো, সিঙ্গল থাকাই বোধহয় সেফার!'
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মজার মন্তব্যে ভরে যায় কমেন্ট সেকশন। কেউ লিখেছেন, “নিজের বিয়েতে পিছিয়ে পড়া—এ এক অন্য ধরনের ‘রিজেকশন’!' আরও এক জনের মন্তব্য, 'যে কোনও প্রেমের গল্পের সবচেয়ে বড় ভিলেনই বোধহয় ট্রাফিক জ্যাম। এই বেচারা তো বিয়ের জন্য দৌড়াচ্ছে!'
একজন রসিকতা করে লিখেছেন, 'হয়তো বারাত ওর ‘কমিটমেন্ট’ টেস্ট করতে চেয়েছিল। হাঁটতে হাঁটতে বিয়ের মণ্ডপে পৌঁছাতে পারলে, ও বউ পাওয়ার যোগ্য!' আরও একজম মজার ছলে কমেন্ট করেছেন, 'এই কারণেই বিয়েতে বরের দিকের সঙ্গে নয়, কনের দিকের সঙ্গে থাকা ভাল। তাঁদের তো কোনও শোভাযাত্রা লাগে না!' আরও এক ব্যক্তি লিখেছেন, 'এ ঘটনা প্রমাণ করল, প্রেমে-যুদ্ধে-জ্যামে সবকিছুই সম্ভব!'