
শেষ আপডেট: 28 March 2023 09:47
দ্য ওয়াল ব্যুরো: সন্তান সব বাবা মায়ের কাছেই সেরা উপহার। সন্তান কিছু বোঝাতে প্রথম আওয়াজ করল কিংবা এক পা, দু'পা করে প্রথম হাঁটতে শিখল, ওমনি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন অনেকেই! সোশ্যাল মিডিয়ার যুগে ছবি পোস্ট করা খুবই সাধারণ ব্যাপার। তাও আবার নিজের সন্তানের ছবি। তবে ফ্রান্সে (France) এই কাজ করা যাবে না। বাচ্চার ছবি (children photo) তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বাবা মায়ের শাস্তি হবে।
ফ্রান্সে এই নতুন নিয়ম জারি হতে চলেছে। ফ্রান্সের আইন প্রণেতারা সম্প্রতি একটি নতুন আইন তৈরি করেছেন। যেখানে বলা হয়েছে, শিশুদের গোপনীয়তা রক্ষা করতে হবে। তার জন্য ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের ছবি পোস্ট করা যাবে না। কোনও অভিভাবক (Parent) যদি এই আইন লঙ্ঘন করেন, তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে।
সাংসদ ব্রুনো স্টুডার এই বিলটি পাশ করিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের ছবি খুব বেশিই শেয়ার করা হয়। কিছু বাবা-মা আক্ষরিক অর্থে তাদের সন্তানদের প্রতিটি কার্যকলাপ ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। যে কেউ যুক্তি দিতে পারেন যে, তাঁদের সন্তানদের ছবি এবং ভিডিও পোস্ট করা পিতামাতার অধিকার। কিন্তু সন্তানদের জন্ম দিলেও মা বাবা কিন্তু সন্তানের মালিক নন। কারণ, সন্তানরা জন্ম নিতে চায়নি। বরং বাবা মায়েরা অভিভাবক হতে চেয়েছিলেন। সুতরাং এটা বুঝতে হবে যে তাদের সন্তানরা যত ছোটই হোক না কেন, তাদের সম্মতি গুরুত্বপূর্ণ।
পাশাপাশি ব্রুনো স্টুডার জানান, ইন্টারনেটে যে ছবিগুলো থাকে তা শিশু পর্নোগ্রাফির জন্য ব্যবহার করা হয়।
সূত্রের খবর, ফ্রান্সে অভিভাবকরা যদি এই আইন ভঙ্গ করেন, তাহলে তাদের শাস্তি হতে পারে। আইনে আরও বলা হয়েছে, যদি একই ভুল হয় বার বার তাহলে, অভিভাবকরা তাঁদের সন্তানদের ছবি তোলার উপর তাঁদের অধিকার হারাবেন।
প্রসঙ্গত, যদিও বিলটি এখনও সে দেশের রাষ্ট্রপতি দ্বারা অনুমোদিত হয়নি, তবে অনেক শিশু মনোবিজ্ঞানী এবং সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা এই আইনের প্রশংসা করেছেন।
নতুন 'পৃথিবী' ট্রাপিস্ট-১ নক্ষত্রপুঞ্জে! পাথুরে মাটি, জলের ধারা, চমক দিল নাসার টেলিস্কোপ