
শেষ আপডেট: 21 November 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবারই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারতীয় পুরুষদের ক্রিকেট দল। টানা দশ ম্যাচে জিতেও ফাইনাল ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের সকলেরই মন খারাপ। এই অবস্থায় ভারতীয় দলের পাশে দাঁড়াল আমুল গার্ল। ভারতীয় দলের নীল জার্সি পরা এক ক্রিকেটাররের পাশে বসে স্বান্তনা দিল সে। হাতে হাত রেখে বলল, "ডোন্ট বি ব্লু, মেন ইন ব্লু।" অর্থাৎ, নীল জামা পরা খেলোয়াড়দের প্রতি আর্জি, 'মন খারাপ কোরো না'।
রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতের। ম্যাচ হারার পর সমর্থকদের অনেকে যেমন দলের পাশে দাঁড়িয়েছেন, তেমন কটাক্ষ করতে, অপশব্দ ব্যবহার করতেও ছাড়েননি অনেকেই। সেই অবস্থায় ভারতের পাশে দাঁড়াল আমুল গার্ল। ইনস্টাগ্রামে আমুল ইন্ডিয়ার পোস্ট করা একটি ক্রিয়েটিভ দেখা যাচ্ছে, দলের নীল জার্সি পরে দুঃখী মুখে বসে রয়েছেন একজন। পাশে রাখা ব্যাট, হাতে ধরা টুপি। তাঁকে দেখতে অনেকটা ক্যাপ্টেন রোহিত শর্মার মতো। তাঁরই পাশে বসে হাত হাত রেখেছে পোলকা ডট জামা পরা, ঝুঁটি বাঁধা আমুল গার্ল।
View this post on Instagram
সেই ক্রিয়েটিভ দেখে নেটিজেনরা আপ্লুত। কমেন্টে অনেকেই ভালবাসা জানিয়েছেন। জানিয়েছেন, এই নীল জার্সি সকলের গর্ব, তাঁরা ভারতীয় দলের পাশে সব সময় থাকবেন।