দীপাবলির আগে ধনতেরাসে এক যুবকের ১.৫ কেজি ‘গোল্ড’ কেনা নিয়ে মজার ভিডিও ভাইরাল। সোনার আকাশছোঁয়া দামের মধ্যে মধ্যবিত্তের বাস্তব কষ্ট ফুটে উঠেছে তাতে।

দেখুন ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 22 October 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই উৎসব, আলো, আনন্দ। আর সেই সঙ্গে এখন যোগ হয়েছে, একটু হলেও ‘সোনা’ কেনা। কারণ দীপাবলির ঠিক আগে ধনতেরাসে সোনা বা রুপো কেনাকে শুভ বলেই মনে করা হয়। কিন্তু আজকের মধ্যবিত্ত সমাজের কাছে সোনা যেন কেবল স্বপ্নের একটা ধাতু। ক্রমাগত বাড়তে থাকা দামে অনেকে ছোটখাটো গয়নাও কেনার কথা ভাবতে পারেন না। সেই বাস্তবতাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এক সাধারণ মানুষ। ভরি বা গ্রাম নয়, একেবারে কেজিদরে সোনা কিনেছেন তিনি!
সম্প্রতি ইনস্টাগ্রামের এক ভাইরাল ভিডিওয় দেখা গেছে, সোনার দোকানের সামনে দাঁড়িয়ে এক যুবক বলছেন, “আমরা ধনতেরাস ও দীপাবলির জন্য কেনাকাটা করে এসেছি। দেড় কেজি সোনা কিনে এনেছি, তাও আবার বিভিন্ন দোকান থেকে।” একথা শুনে মুহূর্তেই চমকে যান দর্শকরা।
কিন্তু একটু পরেই আসে ক্লাইম্যাক্স। কমলেশ মূর্তি নামের ওই ব্যক্তি হাসতে হাসতে ব্যাখ্যা দেন— “আমরা এনেছি ব্রিটানিয়া গোল্ড ৫০০ গ্রাম, টাটা টি গোল্ড ৫০০ গ্রাম এবং ফরচুন গোল্ড সানফ্লাওয়ার অয়েল!” সেই মুহূর্তেই বোঝা যায়, কথিত ১.৫ কেজি ‘গোল্ড’ আসলে সোনার গয়না নয়, ‘গোল্ড’ নামের দৈনন্দিন বাজারদর পণ্য।
ভিডিওটি পোস্ট হওয়ার পরই ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের হাসির রোল থামেনি। কেউ মজার ছলে লিখেছেন, “আমি কিনেছি ৮ কেজি গোল্ড— ৫ লিটার সাফোলা গোল্ড অয়েল, ১ কেজি চক্র টি গোল্ড আর ২ কেজি নেসক্যাফে কফি গোল্ড!” আরও কেউ লিখেছেন, “গোল্ড ইনভেস্টমেন্ট অপশনস ফর দীপাবলি।” অন্য এক মন্তব্যে দেখা যায়, “আমিও ফরচুন গোল্ড ৫ কেজি কিনেছি, হ্যাপি দীপাবলি ভাই।”
রসিকতার আবহে তৈরি এই ভিডিওর আড়ালে অবশ্য লুকিয়ে এ সময়ের বাস্তবতা। দেশজুড়ে সোনার দাম এমন এক উচ্চতায় পৌঁছেছে, যেখানে মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গেছে আসল ‘গোল্ড’। উৎসবের মরশুমে দাম আরও বাড়ে, অথচ প্রথা মেনে সোনা কেনার ইচ্ছেও বহু মানুষ ত্যাগ করতে পারে না। কারণ সোনা ভারতের সংস্কৃতিতে এক অনন্য প্রতীক— ধন, শুভ, ও সমৃদ্ধির চিহ্ন। গয়না হোক বা উপহার, কিংবা হোক বিনিয়োগ— বিবাহ থেকে শিল্পক্ষেত্র, সর্বত্র সোনার চাহিদা অটুট।
এসবের মাঝেই কমলেশ মূর্তির ভিডিও যেন এক ব্যঙ্গাত্মক আয়না। তিনি সোনার দোকানের সামনে দাঁড়িয়ে সেই হাস্যরসের ভিতরেই মধ্যবিত্তের হাহাকারটাকে তুলে ধরেছেন। যে শ্রেণি সোনা কেনে না, কিন্তু সোনার দাম দেখে প্রতিদিনই আক্ষেপ করে। এসবের মাঝে এই ভিডিও যেন কেবল রসিকতা নয়, মধ্যবিত্ত জীবনের মুখে হাসি চোখে জলের এক সোনালি ব্যঙ্গচিত্র হয়ে ওঠে।