মাত্র ৩ অঙ্কেই সর্বনাশ! ‘৪০১’ নম্বর ডায়াল করলেই ফোন চলে যাবে হ্যাকারদের হাতে। কীভাবে আটকাবেন এই প্রতারণা? জেনে নিন বিস্তারিত।

ছোট্ট নম্বরেই সর্বনাশ!
শেষ আপডেট: 7 August 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: একটা ছোট্ট নম্বর। মাত্র তিন অঙ্ক— ‘৪০১’। কিন্তু এটিই এখন পরিণত হচ্ছে বড়সড় সাইবার প্রতারণার ফাঁদে। ২০২৪ সালের গোড়া থেকেই দেশে ছড়িয়ে পড়ছে ‘Dial 401’ স্ক্যাম। সাধারণ মানুষকে টার্গেট করে ছলচাতুরির মাধ্যমে ফোন কল ফরওয়ার্ড করিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।
আপনি কি কখনও ফোনে কাউকে ৪০১ ডায়াল করতে বলেছেন বা এমন কোনও নির্দেশ পেয়ে নিজেই ডায়াল করেছেন? তাহলে সাবধান হোন এখনই।
কীভাবে কাজ করছে এই প্রতারণা?
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রতারকরা প্রথমে সাধারণ মানুষকে ফোন করে। নিজেকে কোনও টেলিকম সংস্থা বা প্রযুক্তি পরিষেবার কর্মী পরিচয় দিয়ে বলে— একটি নির্দিষ্ট নম্বরে '৪০১ ডায়াল করুন'। যাঁরা বুঝে উঠতে পারেন না, তাঁরা বিশ্বাস করে সেই নম্বর ডায়াল করেন।
আর তাতেই ঘটে বিপদ। ৪০১ একটি কল ফরওয়ার্ডিং কোড। কেউ একবার এই কোড ব্যবহার করে কোনও নির্দিষ্ট নম্বরে ডায়াল করলেই, তাঁর ফোনে আসা সমস্ত ইনকামিং কল চলে যায় সেই প্রতারকের নম্বরে।
এরপর শুরু হয় ভয়ানক চক্র। অপরাধীরা সেই ইউজারের নাম ও ফোন নম্বর ব্যবহার করে নতুন সিম তোলে। তার মাধ্যমেই বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওটিপি সংগ্রহ করে অর্থ চুরি করে নেয়।
ভুল করে ৪০১ ডায়াল করে ফেললে কী করবেন?
যদি আপনি সন্দেহ করেন যে আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু হয়ে গেছে, তাহলে অবিলম্বে এই ধাপগুলি মেনে চলুন।
১. আপনার ফোনের ডায়ালিং অ্যাপ খুলুন
২. Settings বা কল সেটিংসে যান
৩. Call Forwarding অপশন খুঁজে বের করুন
৪. যদি এটি অন থাকে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন
এই পদ্ধতিতে আপনি সহজেই কল ফরওয়ার্ডিং বন্ধ করে নিজের ফোন সুরক্ষিত রাখতে পারবেন।
কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, মানুষ যত বেশি এই ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন হবেন, ততই রোখা যাবে এমন ঘটনা। অপরিচিত নম্বর থেকে আসা কোনও ফোনে বিশ্বাস করে কোনও কোড ডায়াল করা বা ওটিপি শেয়ার করা একেবারেই উচিত নয়। প্রতারণার ধরন বদলে যাচ্ছে প্রতিনিয়ত। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সচেতনতা অপরিহার্য। ‘Dial 401’ স্ক্যাম নিয়ে ইতিমধ্যেই সাইবার সেল ও টেলিকম সংস্থাগুলি সতর্কতামূলক বার্তা দিচ্ছে।
স্মার্ট ব্যবহারকারী হিসেবে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। ভুলেও এই নম্বর ডায়াল করবেন না— কারণ তাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য এমনকি পুরো মোবাইল অ্যাক্সেসই প্রতারকের হাতে চলে যেতে পারে।