
কৌতুক অভিনেতা ম্যাক্স আমিনি।
শেষ আপডেট: 19 July 2024 18:18
দ্য ওয়াল ব্যুরো: তিনি যেখানে যান সেখানেই বাবার স্মরণে একটি আসন বুক করে রাখেন। বিদেশের মাটিতেও তার অন্যথা হয়নি। একটি কমেডি শোতেও প্রয়াত বাবার জন্য একটি আসন বুক করে রেখেছিলেন ভারতীয় বংশদ্ভূত রিতিকা!
হলঘরের সিংহভাগ আসন ভর্তি। গোলমাল বাঁধে অন্য এক মহিলা সেই আসনে বসতে চাওয়ায়। রিতিকা অবশ্য পত্রপাঠ তাঁকে জানিয়ে দেন, "না, এটা আমার প্রয়াত বাবার জন্য রেখেছি।" বিষয়টি নজরে আসে শোয়ের পারর্ফম করা কৌতুক অভিনেতা ম্যাক্স ইরানিয়ান।
প্রয়াত বাবার স্মরণে শোয়ে আসন রেখেছিলেন ভারতীয় মহিলা! কৌতূক অভিনেতার মন্তব্যে ভাইরাল ভিডিও#TheWallBangla #ComedyShow #fatherlove pic.twitter.com/7dRXzHi9Dk
— The Wall (@TheWallTweets) July 19, 2024
গোলমালের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তিনি দুই মহিলার কথোপকথনের মধ্যে ঢুকে পড়েন। তার পরের ঘটনা সোশ্যাল মাধ্যমে ভাইরাল। কয়েক মিনিটের পোস্টটি এখনও পর্যন্ত দেখেছেন আট লক্ষরও বেশি নেট নাগরিক। শুধু তাই নয়, কৌতুকের সাহায্যে স্পর্শকাতর বিষয়টিকেও ম্যাক্স যেভাবে উপস্থাপনা করেছেন, তাতে নেট নাগরিকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ভারতীয় বংশদ্ভূত রিতিকা অন্য মহিলাকে ফাঁকা আসনটি ছাড়তে অস্বীকার করেন। তা দেখে স্টেজ থেকে কৌতুক অভিনেতা ম্যাক্স জানতে চান, "কেউ কি আসবেন, যিনি ওই আসনে বসবেন?" রিতিকা বলেন, "না কেউ নেই। আসলে গত বছর আমি আমার বাবাকে হারিয়েছি। তারপর থেকেই প্রয়াত বাবার স্মরণে আমার পাশের আসনটি বুক করে রাখি। বাবা, এভাবেই সব সময় আমার পাশে থাকত।"
জবাবে কৌতুক অভিনেতা ম্যাক্স বলেন, "বাবারা সবসময় আমাদের শেখানোর চেষ্টা করেন। সে তিনি সঙ্গে থাকুন আর না থাকুন।" ম্যাক্স জানান, "২০১৫ সালে আমি আমার বাবাকে হারিয়েছি। তবে আমি আপনার এই ধারণার সঙ্গে একমত নই।"
কেন তিনি রিতিকার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন, তার ব্যাখ্যা করতে গিয়ে কৌতুক অভিনেতা বলেন, "জানেন, আপনার জায়গায় আমি থাকলে আমার বাবা কিন্তু বকা দিতেন। বলতেন, তোমাকে এই শেখালাম ম্যাক্স? আমি স্বর্গে রয়েছি, তুমি টাকা খরচ করে টিকিট কেটে আমাকে নীচে নামিয়ে আনতে চাইছো!"
অভিনেতার বলার ভঙ্গিমায় হাসির রোল ওঠে সভাঘরে। হেসে ফেলেন রিতিকাও। তখনই ফের ইশারা করে সবাইকে চুুপ করতে বলে নাটকীয় ভঙ্গিমায় ম্যাক্স বলতে শুরু করেন, "রিতিকার বাবা কিন্তু খুশি হয়েছেন। উনি আমার প্রশংসা করে বলছেন, ম্যাক্স তুমি খুব ভাল কৌতুক অভিনেতা। তাই তো মেয়ের সঙ্গে আমিও চলে এলাম তোমার অনুষ্ঠান শুনতে!"
যেভাবে স্পর্শকাতর বিষয়টিকে নিজের কৌতুকের সাহায্যে ম্যাক্স সুন্দরভাবে উপস্থাপিত করেছেন তাতে নেট দুনিয়ায় প্রশংসার বন্যা বইছে। একজন লিখেছেন, "আপনি অসামান্য কৌতুক অভিনেতা। হাসতে হাসতে কাঁদালেন।" আর একজন লিখেছেন, "এটা সত্যিই খুব কঠিন কাজ। খালি আসন, বাবার স্মৃতি সব কিছুকে কমেডিতে পরিণত করতে যথেষ্ট বুদ্ধিমত্তা লাগে।"