
মাঝরাস্তায় চেয়ারে বসে চা খাচ্ছেন যুবক!
শেষ আপডেট: 18 April 2025 10:46
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে চা খাওয়ার ‘স্টান্ট রিল’ বানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হল বেঙ্গালুরুর এক যুবককে। রাস্তার মাঝখানে চেয়ার পেতে বসে চা খাচ্ছিলেন তিনি, চারপাশ দিয়ে চলে যাচ্ছিল অটো, বাইক, গাড়ি।
এই বিপজ্জনক ভিডিও ভাইরাল হতেই নড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। বৃহস্পতিবার তারা জানায়, ওই যুবককে জনসুরক্ষা বিপন্নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওটি শ্যুট করা হয়েছিল ১২ এপ্রিল, শহরের ব্যস্ত মাগাদি রোডে। এটি পশ্চিম বেঙ্গালুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা।ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে একটি চেয়ার পেতে বসে যুবকটি একেবারে স্বচ্ছন্দে চা খাচ্ছেন। চারপাশ দিয়ে গাড়ি, স্কুটার, অটো চলাফেরা করছে। তিনি নির্বিকার।
ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। নজরে আসে পুলিশেরও। এরপর তদন্ত শুরু করে পুলিশ তাকে চিহ্নিত করে।
বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে এক মজার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করে, সঙ্গে জুড়ে দেয় গ্রেফতার হওয়ার দৃশ্যও।
Taking tea time to the traffic line will brew you a hefty fine, not fame !!! BEWARE BCP is watching you#police #awareness #weserveandprotect #stayvigilant pic.twitter.com/5A8aCJuuNc
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice) April 17, 2025
পুলিশ জানিয়েছে, এমন বেপরোয়া আচরণে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত না হয়।
বস্তুত, অনলাইনে জনপ্রিয়তা পেতে গিয়ে বাস্তব জীবনে আইন ভেঙে বসা যেন নতুন এক ট্রেন্ড হয়ে উঠছে। বেঙ্গালুরুর এই ঘটনার মাধ্যমে পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছে, জনসাধারণের নিরাপত্তার সঙ্গে খেলা করলে তা কোনওমতেই সহ্য করা হবে না।