
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 29 December 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: কোনও স্টোরে 'সেল' চলা মানেই কাস্টমারদের মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করে। সেল মানেই কম দামে জিনিস পাওয়ার যে আনন্দ তা ছাড়তে চায় না কেউই। কাস্টমারদের পালস বুঝে তাই বর্ষশেষে বহু স্টোর, সংস্থা সেল দিয়ে থাকে। একে ফেস্টিভ সিশন, তারওপর সেল। ইয়ার এন্ড সেলে তাই বিক্রিও হয় প্রচুর। এমনই এক ইয়ার এন্ড সেলে জিনিস কিনতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন একাধিক। ভিডিও সামনে আসতেই, হইচই নেটপাড়ায়।
অস্ট্রেলিয়ার পার্থ। 'স্ট্রিট এক্স' নামের একটি দোকানে ক্রিসমাস সেল শুরু হয়। স্পোর্টস আইটেমে দেওয়া হয় গিভ অ্যাওয়ে অফার। ৩০ সেকেন্ডে যা নেবেন সব ফ্রি। লুটে নেওয়ার এই অফার দেন সংস্থার কর্ণধার ড্যানিয়েল ব্র্যাডশ। সোশ্যাল মিডিয়ায় ছড়ায় খবর। সেল শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বহু যুবক-যুবতী দোকানের বাইরে ভিড় জমাতে শুরু করে। দোকান খুলতেই শুরু হয় দৌড়।
এই সময় হুড়োহুড়ি করে দোকানে ঢুকতে গিয়ে অনেকে পদপিষ্ট হন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হইচই পড়েছে নেট দুনিয়ায়। ভিডিও দেখে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
ভিডিওতে দেখা যায়, নিজেকে নিরাপদ রাখতে স্টোরে ঢোকার আগে হেলমেট ও পায়ে প্যাড পরে নিয়েছিলেন একজন। গোটা বিষয় নিয়ে দোকানটির কর্ণধার জানান, 'আমরা কাস্টমারদের জন্য একটু মজার কিছু করতে চেয়েছিলাম। তাই আমরা ফ্রিতে জিনিসপত্র লুটে নেওয়ার ব্যবস্থা করি। হাতে ৩০ সেকেন্ড সময় দেওয়া হয়। ৪০০টি প্রোডাক্ট ছিল। ৩০ সেকেন্ডে যে যা পারবে লুটে নিতে পারে। তাতেই হুড়োহুড়ি হয়।'
View this post on Instagram
খবর পেয়ে সঙ্গে সঙ্গে দোকানটিতে পৌঁছয় পুলিশ। কারও কোনও বড়সড় আঘাত লাগেনি। তবে কম-বেশি ধাক্কাধাক্কি হয়েছে। এবিষয়ে এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর ছেলেও ওই সেলে গিয়েছিলেন, তিনি ৩০ সেকেন্ডে যা তুলেছিলেন, তাঁকে ঘঁষি মেরে সেসব কেড়ে নেন অন্য একজন। এমন আরও কয়েকটি ঘটনাও ওই গিভ অ্যাওয়ে সেলে হয়।
আর এই প্রথম নয়। এর আগেও এই ধরনের সেল ড্যানিয়েল ব্র্যাডশ দিয়েছেন। গতবছর ট্রাকে সেল দেওয়া হয়েছিল। ট্রাক খুলতেই সেবারও হুড়োহুড়ি কম হয়নি।