-৩০ ডিগ্রি তাপমাত্রা ও প্রবল ঝড়ের মধ্যে ১১৫ কিমি পথ পাড়ি দিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছলেন কাম্যা কার্তিকেয়ন। ভারতের কনিষ্ঠতম অভিযাত্রীর কীর্তিতে গর্বিত নৌবাহিনী।

কাম্যা কার্তিকেয়ন
শেষ আপডেট: 30 December 2025 23:20
দ্য ওয়াল ব্যুরো: প্রবল তুষারঝড়, হিমাঙ্কের অনেক নীচে তাপমাত্রা আর ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করেই ইতিহাস গড়লেন ভারতের এক কিশোরী। নৌবাহিনীর এক আধিকারিকের ১৮ বছরের কন্যা কাম্যা কার্তিকেয়ন (Kaamya Karthikeyan) দক্ষিণ মেরু পর্যন্ত স্কি করে (Youngest Indian to Ski) পৌঁছে ভারতের কনিষ্ঠতম অভিযাত্রী হিসেবে নজির গড়েছেন (South Pole)। মঙ্গলবার এই সাফল্যের কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রায় -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যেও কাম্যা প্রায় ৬০ নটিক্যাল মাইল (প্রায় ১১৫ কিলোমিটার) পথ হেঁটে অতিক্রম করেছেন। নিজের সম্পূর্ণ অভিযানের সরঞ্জাম বোঝাই স্লেজ টেনে নিয়ে তিনি ৮৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছন। এই ঐতিহাসিক অভিযানের দিন ছিল ২৭ ডিসেম্বর, ২০২৫।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে ভারতীয় নৌবাহিনী কাম্যাকে অভিনন্দন জানায়। নৌবাহিনী জানায়, তিনি শুধু ভারতের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবেই দক্ষিণ মেরুতে স্কি করে পৌঁছননি, একই সঙ্গে তিনি বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম মহিলা হিসেবেও এই কৃতিত্ব অর্জন করেছেন। কাম্যা নৌবাহিনীর শিশু বিদ্যালয় (Navy Children School)-এর প্রাক্তন ছাত্রী।
The #IndianNavy congratulates Ms Kaamya Karthikeyan @KaamyaSahas, 18-year-old daughter of a naval officer and alumna of the Navy Children School #NCS, who scripted history yet again by becoming the youngest Indian and the second-youngest female in the world to ski to the… https://t.co/m8RgAVni52 pic.twitter.com/Dfrn2YljAe
— SpokespersonNavy (@indiannavy) December 30, 2025
নৌবাহিনীর শেয়ার করা পোস্টে কাম্যার অভিযানের ভিডিও এবং একাধিক ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাঁকে স্লেজ টেনে বরফের মধ্যে এগিয়ে যেতে দেখা যায়।
নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, এই তরুণ পর্বতারোহী এখন লক্ষ্য স্থির করেছেন ‘এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম’ সম্পূর্ণ করার। এই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ এবং উত্তর ও দক্ষিণ—দু’টি মেরুতেই স্কি করে পৌঁছনো।
এর আগেই কাম্যা ‘সেভেন সামিটস চ্যালেঞ্জ’ সম্পূর্ণ করেছেন, যার মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট জয়ও। নৌবাহিনী তাদের বার্তায় জানিয়েছে, কাম্যার এই অসাধারণ সাফল্য তাঁর প্রজন্মের বহু তরুণ-তরুণীকে নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। উত্তর মেরু অভিযানের শেষ লক্ষ্য পূরণের পথে তাঁকে শুভকামনা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।