এবার সাহিত্যে নোবেল পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলার লেখক অমিতাভ ঘোষ। এক সমীক্ষায় উঠে এসেছে, নোবেল জয়ের সম্ভাবনায় তিনিই শীর্ষে।
.jpeg.webp)
অমিতাভ ঘোষ
শেষ আপডেট: 9 October 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো: আজ বিকেলে ঘোষণা হবে সাহিত্যে নোবেল পুরস্কার। বাকি মাত্র কয়েক ঘণ্টা। তার আগেই শুরু হয়ে গিয়েছে চর্চা, কে জিতবে এবারের খেতাব? পাঠক, বই বিক্রেতা, অনুবাদক, সম্পাদক থেকে শুরু করে লেখকেরাও এখন ভবিষ্যদ্বাণী করতে ব্যস্ত। আর বেশিরভাগ তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাঙালি সাহিত্যিক অমিতাভ ঘোষ।
বিভিন্ন বুকমেকারের তথ্য মিলিয়ে তৈরি নাইসারঅডসের লিস্টে সবচেয়ে উপরে রয়েছেন অমিতাভ। সেই তালিকায় তারপরে জাপানের জনপ্রিয় লেখক হারুকি মুরাকামি, ব্রিটিশ-আমেরিকান সলমন রুশদি, কানাডার কবি অ্যান কারসন, আর অ্যান্টিগায় জন্ম নেওয়া লেখিকা জ্যামাইকা কিনকেইড। এ ছাড়াও বেশ উপরের তালিকায় রয়েছেন মার্গারেট অ্যাটউড, লিউদমিলা উলিটস্কায়া, এবং এরসি সোতিরোপোলস।
ল্যাডব্রোকসের হিসাবে, এ বছর এগিয়ে চিনের লেখিকা কান শুয়ে ও হাঙ্গেরির লাসজলো ক্রাসনাহরকাই। তাঁদের পরেই রয়েছেন দু’জন স্প্যানিশ ভাষার লেখক, মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গারজা ও স্পেনের এনরিক ভিলা-মাতাস। সমান জায়গায় আছেন অস্ট্রেলিয়ার জেরাল্ড মার্নেন, রোমানিয়ার মিরচা কার্টারেস্কু, আর মার্কিন লেখক থমাস পিনচন।
প্রতি বছরই সাহিত্যের নোবেলে ভাষা ও ভূগোল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই প্রেক্ষিতে, ২০২৫ সালে বাড়তি সুযোগ থাকতে পারে সিরিয়ার কবি আদোনিস-এর। ২০১০ সালে মারিও ভার্গাস লিয়োসার পর থেকে স্প্যানিশ ভাষার কোনও লেখক নোবেল পাননি। তাই স্প্যানিশ ভাষার সাহিত্যও এ বছর গুরুত্ব পেতে পারে। অন্যদিকে, যদি অমিতাভ ঘোষ পুরস্কার জেতেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুরের পর তিনিই হবেন সাহিত্যে নোবেলজয়ী দ্বিতীয় ভারতীয় তথা বাঙালি।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, সাহিত্যের মানই নোবেল পুরস্কারের মূল ভিত্তি। ৬ সদস্যের জুরি এই নির্বাচন প্রক্রিয়া চালান, যার সভাপতি ৭৬ বছর বয়সি আন্ডার্স ওলসন। তাঁর সঙ্গে রয়েছেন এলেন ম্যাটসন, অ্যান সুয়ার্ড, স্টিভ সেম-স্যান্ডবার্গ, আন্না কারিন পাম, এবং সচিব ম্যাটস মালম।
প্রতি বছর জুন থেকে অগস্ট পর্যন্ত মনোনীত লেখকদের কাজ পড়ে দেখেন জুরি ও তাঁদের উপদেষ্টারা। সেপ্টেম্বরে শুরু হয় চূড়ান্ত আলোচনা। আর আজ অর্থাৎ বৃহস্পতিবারই জানা যাবে কার হাতে উঠবে ২০২৫ সালের সাহিত্য নোবেল।