ঈশ্বরভক্তি, অদম্য সাহস ও কঠিন যাত্রার এক অনন্য দৃষ্টান্ত রাখলেন এক ৭০ বছর বয়সি বৃদ্ধ।

৭০ বছর বয়সে অসাধ্য সাধন করলেন কর্নাটকের বৃদ্ধ
শেষ আপডেট: 16 May 2025 18:03
দ্য ওয়াল ব্যুরো: ঈশ্বরভক্তি, অদম্য সাহস ও কঠিন যাত্রার এক অনন্য দৃষ্টান্ত রাখলেন এক ৭০ বছর বয়সি বৃদ্ধ। এমন এক অসাধারণ পদযাত্রা সম্পন্ন করেছেন তিনি, যা সারা দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে। কর্নাটকের কালাবুরাগী (আগের নাম গুলবর্গা) জেলা থেকে প্রায় দু’মাস টানা হেঁটে পৌঁছেছেন উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধামে। এই পুরো যাত্রাপথে অতিক্রম করেছেন প্রায় ১২ হাজার কিলোমিটার পথ।
ওই বৃদ্ধ একদল সঙ্গীর সঙ্গে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন ৩ মার্চ, কালাবুরাগী থেকে। রোদের তেজ, খারাপ আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ বা ঘন জঙ্গল- কোনও বাধাই তাঁদের এই যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১ মে তাঁরা পৌঁছে যান হিমালয়ের কোলে, কেদারনাথ মন্দিরে।
12000 km Padyatra from Karnataka to Kedarnath
Hindu Dharma is Sanatan because of the Bhakts like him
Har Har Mahadev 🔥 pic.twitter.com/bNphehFL8t— Sheetal Chopra 🇮🇳 (@SheetalPronamo) May 15, 2025
সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই বৃদ্ধ ভক্ত জানাচ্ছেন, এমন দীর্ঘ এবং কষ্টকর যাত্রা শেষ করা সম্ভব হয়েছে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদেই। গন্তব্যে পৌঁছে দলটিকে আনন্দে আত্মহারা হতে দেখা যায়। কেদারনাথে পৌঁছে তাঁরা তাঁদের গভীর ভক্তি ও অপরিসীম মানসিক শক্তির সাক্ষ্য রেখেছেন।
এই অবিশ্বাস্য পদযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, লক্ষ লক্ষ মানুষ তাঁদের নিষ্ঠা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন। কেউ বলেছেন, ‘শুধুমাত্র একনিষ্ঠ ভক্তিই এই ধরনের প্রাপ্তি এনে দিতে পারে। হর হর মহাদেব।’ কেউ কেউ তাঁদের প্রতি অন্তরের শ্রদ্ধা জানিয়েছেন।
উত্তরাখণ্ডের কেদারনাথ ভারতের অন্যতম এক তীর্থস্থান। ১২টি জ্যোতির্লিঙ্গের একটি রয়েছে এখানে এবং চারধাম যাত্রার গুরুত্বপূর্ণ একটি ধাম এই কেদারনাথ।
১১,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, চারদিকে শুধু বরফঢাকা পাহাড়। এই অসাধারণ পরিবেশ প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্বতপ্রেমী পর্যটকদের বিশেষ আকর্ষণ। শুধুই আধ্যাত্মিকতার জন্য নয়, প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা লাভের জন্যও বহু মানুষ এখানে আসেন।