
শেষ আপডেট: 7 November 2023 12:16
দ্য ওয়াল ব্যুরো: ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি কমোড। হলদে-সোনালি সেই প্যান দেখলে চোখ ঝলসে যাওয়ার জোগাড়! তবে ব্যবহার করার জন্য নয়, নেহাতই শিল্পকর্ম। অভিনব এই কমোড ছিল একটি ইনস্টলেশন আর্টের অংশ। ব্রিটেনের ব্লেনহাইম প্যালেসে সাজানো ছিল এই বিলাসবহুল পায়খানা। তার নাম আবার 'আমেরিকা'! ৪ বছর আগে প্যালেস থেকে রহস্যজনকভাবে ডাকাতি হয়ে গিয়েছিল 'আমেরিকা'। ২০১৯ সালের সেই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সম্প্রতি ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমতি দেওয়া হয়েছে।
১৮ ক্যারাটে সোনা দিয়ে কমোডটি তৈরি করছিলেন বিখ্যাত ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাটেলান। সেটি সাজানো ছিল ব্লেনহাইম প্যালেসে। এই প্যালেসটি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। বর্তমানে বিভিন্ন রকম শিল্পকর্ম প্রদর্শিত হয় সেখানে। সোনার কমোডটি ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছিল। সেই সময় মিউজিয়ামে আসা দর্শকরা এটি ব্যবহার করতে পারতেন। তবে বাইরে একজন প্রহরী দাঁড়িয়ে থাকতেন। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে সোনার পর্দা টাঙান, তখন তাঁকে কমোডটি ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল জাদুঘর কর্তৃপক্ষ।
৪.৮ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা দামের এই প্যানটি পরে ব্লেনহাইম প্যালেসে আনা হয়। কিন্তু তারপরেই চুরি হয়ে যায় সেটি। বহুমূল্য এই অনন্য শিল্পকর্মটি চুরি হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই অজস্র প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্যালেস কর্তৃপক্ষকে। কারা এই চুরির পিছনে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছিল।
সেই ঘটনার ৪ বছর কেটে যাওয়ার পর ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) ঘোষণা করেছে যে তারা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে। এই চারজনকে আগামী ২৮ নভেম্বর অক্সফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হবে৷