
শেষ আপডেট: 4 December 2024 17:12
দা ওয়াল ব্যুরো: বিবিসির মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ও ইন্সপায়ারিং উইমেন ২০২৪-এ জায়গা করে নিলেন ভারতের তিন মহিলা। সম্প্রতি ১০০ জনের একটি তালিকা প্রকাশ করে বিবিসি। সেখানে সুনিতা উইলিয়ামস, হলিউড অভিনেত্রী স্মরণ স্টোন, নোবেল পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ-সহ একাধিক বিশিষ্ট মানুষজনের সঙ্গে নাম রয়েছে ভারতের তিন মহিলার। সমাজকর্মী অরুণা রায়, কুস্তিগীর ভিনেশ ফোগাট ও আরেক সমাজকর্মী পূজা শর্মার।
অরুণা রায়
গ্রামের গরিব মানুষদের জন্য বহু বছর ধরে নিরলসভাবে কাজ করে আসছেন অরুণা রায়। গ্রামবাসীদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। 'মজদুর কিষান শক্তি সংগঠন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাঁর। এই সংগঠন গরিব মানুষজনকে সঠিক পারিশ্রমিক ও তাণদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কাজ করে। ভারতে রাইট টু ইনফরমেশন, ২০০৫ ধারা চালু হওয়ার পিছনে তাঁর ভূমিকা রয়েছে। তাঁকেই এবার সম্মান জানাল বিবিসি।
ভিনেশ ফোগাট
ক্রীড়া ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য রোধে বারবার গলা তুলতে দেখা গিয়েছে এই কুস্তিগীরকে। কমনওয়েলথ, এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন।
২০২৪-এ অলিম্পিকেও অংশগ্রহণ করেন তিনি। ওঠেন ফাইনালে। কিন্তু মাত্র ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য তাঁকে অলিম্পিক থেকে ছিটকে যেতে হয়। তারপরই অবসর ঘোষণা করেন ও যোগ দেন রাজনীতিতে।
ইন্ডিয়ান রেস্টলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরন সিং-এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এই মহিলা। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। নিজের জন্য, দেশের মহিলাদের জন্য, কুস্তিগীরদের জন্য, তাঁর এই অবদান ভোলার নয়।
পূজা শর্মা
এই মহিলাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। অনেকেই হয়তো চেনেন না তাঁকে। নিজের দাদা মারা যাওয়ার পর এই যাত্রা শুরু হয়। মহিলা হিসেবে বাড়ির কোনও সদস্যের শেষকৃত্য করতে গেলে অনেক বাধার মুখে পড়তে হয়। সেই বাধা সরিয়ে কাজ শুরু করেছিলেন পূজা। তারপর থেকে যার কেউ থাকে না, মারা যাওয়ার পর কাজ করার লোক থাকে না, তাঁর বা তাঁদের হয়ে শেষকৃত্যের কাজ করেন এই মহিলা। এপর্যন্ত চার হাজারেরও বেশি শেষকৃত্যোর কাজ করেছেন তিনি। রয়েছে সোল ফাউন্ডেশন নামে একটি সংস্থা। শেষ তিন বছর ধরে তিনি এই সংস্থার অধীনেই কাজ করে চলেছেন মানুষের জন্য।