
শেষ আপডেট: 12 January 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পিড়িতে বসেছেন সাত বার। পাঁচ সন্তান, ১৯ জন নাতি-নাতনিকে নিয়ে ভরা সংসার তাঁর। শুধু তাই নয়, রয়েছে নাতি-নাতনিদের ৩০ সন্তানও। তবুও গাটঁছড়া বাঁধতে চান সিতি হাওয়া হুসেন। আর তাঁর বয়স? মাত্র ১১২! হ্যাঁ, যে বয়সে বেঁচে থাকাই বিরল ঘটনা, সেখানে আবারও 'শাদি কা লাড্ডু' খেতে রাজি বৃদ্ধা।
বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। তাই তো অনেকেরই শারীরিক বয়স মনকে হার মানাতে পারে না। সেই কারণেই সিতিদেবীর ১১২ বছর বয়সেও নিজের মতো করে বাঁচার প্রবল ইচ্ছে রয়েছে। ৭ বার বিয়ে করেও ফের সাত পাকে বাঁধা পড়তে চান মালয়শিয়ার বাসিন্দা ওই বৃদ্ধা।
বয়সের কাঁটা ১০০ পেরলেও আজও তিনি শারীরিক-মানসিকভাবে বেশ সক্রিয়। কারও সাহায্য ছাড়াই একা হাঁটতে-চলতে কিংবা সব রকম কাজ করতে পারেন। বিশেষ কোনও শারীরিক সমস্যাও নেই তাঁর। তবে আজকাল শুধু একাকিত্বে ভোগেন সিতি। আসলে তাঁর প্রিয়জনেদের মধ্যে
অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বয়সেও কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে নিজেই বিস্মিত সিতি। শুধু একাকীত্ব কাটাতেই বিয়ে করতে চান তিনি।
বৃদ্ধার এক ৪৭ বছর বয়সি নাতনি জানিয়েছেন, ঠাকুমা নিজে নিজেই খেতে পারেন। এখনও বেশ হাসিখুশি তিনি। তবে আজকাল বয়সের ভারে মাঝেমাঝেই অনেক কিছু ভুলে যান। যদিও নতুন ঘটনা ভুলে গেলেও, পুরনো অনেক বিষয়েই মনে আছে বলে জানিয়েছেন বৃদ্ধার ছেলে।
বৃদ্ধা জানিয়েছেন, ৭ বার বিয়ে করেছেন তিনি। কোনও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, কেউ মারা গিয়েছে। পুত্র-কন্যা, পৌত্র এমনকী প্রপৌত্রও থাকলেও, ব্যক্তিগতভাবে নিঃসঙ্গবোধ করেন তিনি। তাই তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, যদি আমাকে কেউ বিয়ে করতে চায়, আমি রাজি।