
শেষ আপডেট: 7 October 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: বয়সের কাঁটা ৬০ অতিক্রম করলেই নাকি জীবনের সায়াহ্ন উপস্থিত হয়! তবে সে তো প্রচলিত ধারণা। আসল তো ইচ্ছাশক্তি! অন্তত এমনটাই প্রমাণ করে দেখিয়েছেন ১০৪ বছরের এক বৃদ্ধা। মাঝআকাশে বিমান থেকে থেকে ঝাঁপ দিয়ে তিনি দিব্যি করেছেন স্কাইডাইভ। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কোনও রূপোলি পর্দার গল্প নয়, বাস্তবেই দেখা গিয়েছে এমন ঘটনার নজির। সবচেয়ে বেশি বয়সী স্কাইড্রাইভার হিসেবে রেকর্ড করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। অনুপ্রেরণা জুগিয়েছেন অজস্র মানুষকে।
বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। আসলে শারীরিক বয়সকে হার মানাতে পারে মনের বয়স। তাই তো মনের ইচ্ছে থাকলে যে কোনও কাজই বয়সকে তুড়ি মেরে অনায়াসে করা যায়। যেমন সম্প্রতি ১০৪ বছর বয়সী ডরোথি হফনা করে দেখিয়েছেন। ভয়কে জয় করে ১৩ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে স্কাইডাইভ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। বৃদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। যেখানে দেখা গিয়েছে, কীভাবে মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দেন ডরোথি। তাঁর সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। স্কাইডাইভ করে মাটিতে নেমে আসার পরই তাঁকে দেখে স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন। এরপর অনবদ্য অভিজ্ঞতা সকলের ভাগ করে নেন বৃদ্ধা। বলেন ‘ভালো। বেশ মজার, সুন্দর এবং শান্তিপূর্ণ বলে মনে হয়েছিল।' গোটা প্রক্রিয়াটি তিনি যে বেশ উপভোগ করেছেন তা তাঁর চোখেমুখে ফুটে উঠেছে।
View this post on Instagram
এবারই প্রথম নয়, চার বছর আগে নিজের ১০০ বছরের জন্মদিনেও স্কাইডাইভ করেছিলেন ডরোথি। স্কাইডাইভ শিকাগোর একজন প্রতিনিধি জানিয়েছেন, তাঁকে শীঘ্রই টেন্ডেম প্যারাসুট জাম্প করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হতে পারে। ১০৪ বছরের বৃদ্ধার স্কাইডাইভের ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরাও
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হয়। যার মধ্যে বেশ কিছু ঘটনা যেন মন ছুঁয়ে যায়। ঠিক যেমন সংশ্লিষ্ট ভিডিওটি দেখে একদিকে বৃদ্ধা মনের জোরের জন্য প্রশংসা কুঁড়িয়েছেন, তেমনই অনুপ্রাণিতও হয়েছেন বয়স নির্বিশেষে সকলেই। কেউ বলছেন ‘দুরন্ত’, কারও কথায় ‘অবিশ্বাস্য’।
উল্লেখ্য, গিনেস বুকে এখনও পর্যন্ত সবেচেয়ে বেশি বয়সে স্কাইড্রাইভার হিসেবে নাম রয়েছে সুইডেনের এক মহিলার। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিন বয়সে ওই রেকর্ড করেছিলেন তিনি। সেই দিক থেকে বিশ্বে সবচেয়ে বেশি বয়সী স্কাইডাইভার ডরোথি। যদিও গিনেস সংস্থার তরফে এই রেকর্ড এখনও নিশ্চিত করা হয়নি।