.webp)
শেষ আপডেট: 10 April 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: র্যাপ তারকা বাদশার বিশ্বজোড়া খ্যাতি। তাঁর একাধিক র্যাপ শ্রোতাদের মুখে মুখে ফেরে। কিন্তু সেরার কদর করতে পিছপা হন না তিনি। তাই তো মঞ্চে বয়সে ছোট অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন বাদশা। হাজার হাজার দর্শকের মন ছুঁয়ে গেলেন।
লাইভ অনুষ্ঠানে গিটার হাতে নিয়ে গান গাইছিলেন অরিজিৎ সিং। হঠাৎই পিছন থেকে মঞ্চে এলেন ‘ডিজে ওয়ালা বাবু’। গান থামিয়ে পিছন ঘুরতে না ঘুরতেই অরিজিৎ -এর পা ছুঁয়ে ঢিপ করে প্রণাম করে বসলেন বাদশা। সঙ্গে সঙ্গে তাঁকে বুকে টেনে নিলেন অরিজিৎ। হাজার হাজার দর্শকের সামনে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন জনপ্রিয় র্যাপার। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। বাদশার কাণ্ড দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ঘটনাচক্রে অরিজিৎ বাদশার থেকে প্রায় বছর তিনেকের ছোট। তবুও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দ্বিধা বোধ করেননি র্যাপ তারকা। দুই গায়কের আবেগঘন মুহূর্ত দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।
বর্তমানে এদেশের সঙ্গীত জগতে অরিজিৎ সিং উজ্জ্বল নক্ষত্র। নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। সাফল্যের শিখরে থেকেও জিয়াগঞ্জের ছেলেকে গ্ল্যামারের অহংকার ছুঁতে পারেনি। নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন অরিজিৎ সিং। এই মুগ্ধতা বাদশারও রয়েছে। তাই তো থাইল্যান্ডের লাইভ অনুষ্ঠানে উঠেই অরিজিতের পা ছুঁয়ে সম্মান জানালেন তিনি।
What a Moment!!
— ᴄʜɪᴛᴛᴀʀᴀɴᴊᴀɴ ♪ (@i_CHITTARANJAN1) April 6, 2024
Badshah touched Arijit Singh's feet..
Soulmate live at Bangkok, Thailand pic.twitter.com/q0jpLhP55w
কিছুদিন আগেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন বাদশা। তখন শোনা গিয়েছিল, হয়তো খুব শীঘ্রই একসঙ্গে কোনও গানের পরিকল্পনা করছেন তাঁরা, সে খবর সত্যিও প্রমাণিত হয়। থাইল্যান্ডের এক কনসার্টে একসঙ্গে দেখা গেল অরিজিৎ ও বাদশাকে।
সম্প্রতি অ্যালবাম 'এক থা রাজা'-য় সোলমেট গানে অরিজিৎ সিং ও বাদশা জুটি বাঁধেন। দুজনেরই জনপ্রিয়তা তুঙ্গে, একই সঙ্গে তাঁদের হিট গানের সংখ্যাও প্রচুর। যদিও দুই গায়কের গানের ধরন এক নয়। একদিকে অরিজিতের প্লেব্যাক সংখ্যা যেমন অসংখ্য, অন্যদিকে বাদশার অ্যালবাম অনেক বেশি। তবে তাঁদের একে অপরের প্রতি সম্মান যে অটুট তারই প্রমাণ দিল ভাইরাল ভিডিও।