
শেষ আপডেট: 21 February 2024 20:30
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা নিয়ে আমরা কতটা যত্নশীল? আমাদের পরবর্তী প্রজন্ম কি মাতৃভাষার গুরুত্ব অনুভব করতে পারে? যাঁরা বাংলা ভাষা, সাহিত্য ও বাংলার সংস্কৃতি নিয়ে ভাবনাচিন্তা করেন তেমন কয়েকজনের কছে এই প্রশ্ন রাখা হয়েছিল দ্য ওয়াল-এর তরফে। কে কী বললেন জেনে নেওয়া যাক।
• 'দিব্যি আছে বাংলা ভাষা, ডালপালা মেলছে নিজের খেয়ালে'
প্রচেত গুপ্ত , সাহিত্যিক
কথা হচ্ছিল এই সময়ের প্রথম সারির বাংলা সাহিত্যিকদের মধ্যে অন্যতম লেখক প্রচেত গুপ্তর সঙ্গে। প্রচেত মনে করেন, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যে গেল গেল রব ওঠে মাঝেমধ্যেই সেটা ঠিক নয়। সোশ্যাল মিডিয়া আসার পর বাংলা ভাষা ডালপালা মেলছে নানাদিকে নানাভাবে। ডিজিটাল পোর্টাল, ইউ টিউব চ্যানেল, ব্লগ-সব কিছুই তো হচ্ছে বাংলা ভাষায়। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ দর্শক পাঠক দেখছেন, পড়ছেন। এতো বাংলা ভাষারই ব্যাপ্তি। বাংলা ভাষাকে কেন্দ্র করে বিনোদন জগতেরও সমৃদ্ধি হচ্ছে। টিভি সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ, শর্ট ফিল্ম, ডক্যু ফিল্মের পাশাপাশি সিনেমাও তৈরি হচ্ছে বিচিত্র বিষয়ে। প্রচুর মানুষ কাজের সুযোগ পাচ্ছেন। এতো বাংলা ভাষারই জয়।
জিজ্ঞেস করেছিলাম, 'অনেকে বলছেন, বাংলা ভাষা চরিত্র হারিয়েছে। এ প্রজন্মের ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েরা হিন্দি ইংরেজি মিশিয়ে যে জগাখিচুড়ি ভাষা বলে সেটা তো বিশুদ্ধ বাংলা নয়। তাই না?'
প্রচেত বললেন, 'ইংরেজি মাধ্যমে পড়লেই যে জগাখিচুড়ি ভাষা বলতে হবে তা ঠিক নয়। তবে বাংলা অত্যন্ত সহনশীল ভাষা। প্রথম থেকেই এ ভাষায় মিশেছে নানান দেশের শব্দ। সমৃদ্ধ হয়েছে এবং হয়ে চলেছে বাংলার শব্দভাণ্ডার। আবার বাংলা গানের ক্ষেত্রেও দেখুন কতটা পরিবর্তন এসেছে। আমাদের ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদী, দ্বিজেন্দ্রগীতি আর বাংলা আধুনিক গানের বাইরে কিছু শুনতে হলে ইংরেজি গানই শুনতে হতো। এখন বাংলা ব্যান্ড, বাংলা রক মিউজিক তৈরি হচ্ছে। এ প্রজন্ম ভালবেসে বাংলা রক ব্যান্ডের সুরে গা ভাসাচ্ছে, এতো বাংলা ভাষারই জিত।'
'আর বাংলা সাহিত্য? বাজারে তো খবর বাংলা সাহিত্য ডুবতে বসেছে। এ প্রসঙ্গে কী বলবেন?'
শুনে প্রচেত উত্তেজিত। বললেন,'আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি বাংলা সাহিত্য বিষয় এবং ব্যবসা দুদিকেই বাড়ছে। তা না হলে বইপাড়ায় এত নতুন প্রকাশকের জন্ম হতো না,বইমেলা এভাবে সফল হতো না,সারা বছর লক্ষ লক্ষ বই ছাপা হতো না। বইমেলায় লিটল ম্যাগাজিনের সংখ্যা প্রতি বছর বাড়ছে। আজকের ছেলেমেয়েরা সাহিত্যচর্চা করছেন এ ব্যাপারে আমি নিশ্চিত।দিব্যি আছে বাংলা ভাষা ,হা হুতাশের কিছু নেই।'
• 'মাতৃভাষা দিবসের উদযাপন হোক অন্য পথে'
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, বাচিকশিল্পী
বাংলা ভাষা নিয়ে কাজ করেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর উচ্চারণের স্পষ্টতায় বাংলা ভাষা ও সাহিত্য অন্য মাত্রা পায়। মাতৃভাষা দিবসে তাঁর কাছে জানতে চেয়েছিলাম 'এই মূহুর্তে বাংলা ভাষা কি তার চরিত্র হারিয়েছে?'
সুজয়প্রসাদ বললেন, 'আজ এই মাতৃভাষা উদযাপনের দিনটি আমার কছে যেমন গর্বের তেমন গ্লানিরও। যে বাংলাভাষার সম্মান রক্ষার জন্য মানুষ শহীদ হয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাষার বৈকল্য দেখে মন ভারাক্রান্ত হয়। তবু জীবনের মন্ত্রই তো চরৈবেতি। এগিযে চলতে হবে। উদযাপনও করতে হবে। একটু অন্য পথে হোক আয়োজন, যাতে এই প্রজন্ম মাতৃভাষার প্রতি আকর্ষণ অনুভব করতে পারে।'
সুজয়প্রসাদের সঙ্গে কথা বলে জানা গেল, ভাষাদিবসের সন্ধেবেলা রক মিউজিকের পীঠস্থান হার্ড রক ক্যাফেতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একেবারে স্বতন্ত্র একটি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের নাম 'কথা চিত্র'। বাংলার গীতিকার সুরকার যাঁদের লেখায় সুরে সমৃদ্ধ হয়েছে বাংলা গান তাঁদের অবদান কথার মালায় গাঁথবেন সুজয়। গানে দুর্নিবার সাহা, পিয়ানোয় শিবাশিস বন্দ্যোপাধ্যায়।
• 'বাংলা ভাষায় সন্ত্রাস ঢুকেছে , তাই মাতৃভাষার সম্মানরক্ষা কঠিন'
লীনা গঙ্গোপাধ্যায়, লেখিকা, মহিলা কমিশনের চেয়ার পার্সন
বাংলা হিট সিরিয়াল মানেই লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখনীতে বারবার উঠে আসে সংসার ও সমাজের সমস্যার কথা, থাকে সেই সমস্যা থেকে মুক্তির উপায়ও। এক কথায় বাংলার দর্শকদের মুগ্ধ করে রেখেছেন লীনা। বাংলা ভাষার সঙ্কট নিয়ে প্রশ্ন করায় লীনা বললেন,'সত্যিই আমাদের মাতৃভাষা সঙ্কটে। যেভাবে বাংলা ভাষায় সন্ত্রাস প্রবেশ করেছে তাতে বাংলা ভাষার ঐতিহ্য মাধুর্য রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আমরা বাঙালিরা যেভাবে কথা বলি, যে ধরনের শব্দ ব্যবহার করি তা একেবারেই বদলে যাচ্ছে। এটাকেই আমি সন্ত্রাস মনে করছি। আজেবাজে শব্দপ্রয়োগ, ভুলভাল বাক্যগঠন আমাদের মাতৃভাষার সম্মান হানি করছে। বাংলা ভাষা তার মধুর স্বভাব হারাতে বসেছে। শুধু লেখা নয়, কথা বলাও তো একটা আর্ট। আর সেই আর্ট কালচারই তো বাংলা ও বাঙালির সম্পদ। এই সম্পদ বাঁচাতে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। মাতৃভাষা তো আমাদের মা। তাঁর সম্মান রক্ষায় কত মানুষ প্রাণ দিয়েছেন, আর আমরা এই ভাষা সন্ত্রাস রুখতে পারব না?