.webp)
জয়রাম রমেশ।
শেষ আপডেট: 4 June 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: ভোটগণনার গতি ধীরলয়ে চলছে। ফলপ্রকাশের মধ্যগগনে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস। নির্বাচন কমিশনকে লেখা এক এক্সবার্তায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই অভিযোগ তুলেছেন। তিনি লিখেছেন, ভোটের ফল দ্রুত আপডেট করা হচ্ছে না কেন? নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মুহুর্মুহু ফল আপডেট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সব চ্যানেলের কাছেও বিদ্যুৎগতিতে ফলের হালহকিকত পৌঁছে যাওয়ার কথা। কিন্তু, গত ২ ঘণ্টা ধরে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের ফলাফল বের করতে অত্যন্ত দেরি করা হচ্ছে। গণনা প্রক্রিয়াতেও ঢিলেমির অভিযোগ করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ। তাঁর প্রশ্ন, ধীরগতিতে গণনা প্রক্রিয়া চালানোর নির্দেশ কোথা থেকে আসছে?
শনিবার সপ্তম দফা ভোট শেষ হতেই সমস্ত বুথফেরত সমীক্ষায় এনডিএ-র বিপুল পরিমাণ জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও ওইদিনই ইন্ডিয়া জোটের একটি বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেছিলেন ইন্ডিয়া জোট ক্ষমতায় ফিরছে। বুথফেরত সমীক্ষার পরে খোদ কংগ্রেসের সংসদীয় সভানেত্রী সনিয়া গান্ধী দাবি করেছিলেন সমীক্ষা যাই বলুক, ফল একেবারে উলটে যাবে।
Dear @ECISVEEP, why are the results on the ECI website and various channels not being updated at the pace that they were for the last two hours?
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 4, 2024
Where have the orders for the slowdown come from?
মঙ্গলবার সকাল থেকে পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই দেখা যায় ভিন্ন চিত্র। সেয়ানে সেয়ানে টক্কর যাকে বলে, তাই চলতে থাকে। অলিম্পিকের দৌড়ের মতো ফোটো ফিনিশের কাছাকাছি চলতে থাকে এগিয়ে থাকার দৌড়। কিছুক্ষণের জন্য বারাণসীতেও পিছিয়ে পড়েন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে জেগে ওঠে ইন্ডিয়া জোটের ঢেউ। কিন্তু, সেভাবে এগিয়ে-পিছিয়ে থাকার প্রবণতা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছিল না। জয়রাম রমেশের অভিযোগ মূলত তাই নিয়েই। তবে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেও কমিশনের এই আচরণ ইচ্ছাকৃত কিনা তা নিয়েও প্রশ্ন তুলতে ভোলেননি তিনি। কার নির্দেশে ভোটগণনার প্রক্রিয়া শ্লথ করে দেওয়া হচ্ছে বলে পরোক্ষে বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন রমেশ।