.webp)
সাত দফার অন্তিম দফা শেষ হতে জানা যাবে এক্সিট পোলের ফলাফল
শেষ আপডেট: 1 June 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: আর অল্প সময় পর শেষ হয়ে যাবে দেশের অষ্টাদশ বা আঠারোতম লোকসভা গঠনের ভোট। সাত দফার অন্তিম দফা শেষ হতে জানা যাবে এক্সিট পোলের ফলাফল। আর ৪ জুন জানা যাবে চূড়ান্ত ফলাফল। তার আগে এক্সিট পোল বা ফলাফলের আভাস জানতে তুমুল কৌতূহল দেশবাসীর মধ্যে।
কীভাবে করা হয় এই ভোট? পূর্ব নির্ধারিত বুথে ভোটদানের পর কতিপয় ভোটারের কাছে জানতে চাওয়া হয় তিনি কোন প্রার্থী বা দলকে ভোট দিয়েছেন। এই কারণে এই নমুনা ভোটকে বুথ ফেরত সমীক্ষা বলা হয়ে থাকে।
বলাই বাহুল্য অধিকাংশ ভোটদাতা জবাব এড়িয়ে যান। তবে যে সংস্থা এই সমীক্ষা করে তাদের পূর্ব নির্ধারিত সংখ্যার ভোটারের মত পেলেই চলে। সেই সংখ্যা মোট ভোটারের সামান্যই। সেই কারণে এই সমীক্ষাকে বলা হয় নমুনা সমীক্ষা।
বুথ ফেরত সমীক্ষা নতুন নয়। বছর দশেক পর এর শতবর্ষ হবে। ১৯৩৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জ গ্যালপ ও ব্লাড রবিনসন প্রথম বুথ ফেরত সমীক্ষা করেন। তাঁরা বলেছিলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চলেছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তাদের দেওয়া আভাস মিলে যায়।
ভারতেও বুথ ফেরত সমীক্ষা নতুন নয়।৷ ১৯৫৭ সালে দেশে
দ্বিতীয় সাধারণ নির্বাচন হয়েছিল। সে বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন প্রথম ভারতে এক্সিট পোল করে। তবে এ দেশে বুথ ফেরত সমীক্ষার কোনও ধারাবাহিকতা ছিল না।
বহু বছর পর ১৯৮০- র লোকসভা নির্বাচনের সময় এক্সিট পোল করা হয়েছিল। ভারতে বুথ ফেরত সমীক্ষার কারিগর বলা চলে সাংবাদিক প্রণয় রায়কে। তিনি সংবাদপত্র এবং টিভিতে এই সমীক্ষা প্রচার করে দেশবাসীর মধ্যে তুমুল উৎসাহ তৈরি করেন। ১৯৯৬ সালে প্রথম দূরদর্শনে বুথ ফেরত সমীক্ষা সম্প্রচার করা হয়। সেই থেকে প্রথমসারির সংবাদমাধ্যম পেশাদার সংস্থাকে দিয়ে এই সমীক্ষা করিয়ে আসছে।
১৯৯৮ সাল পর্যন্ত এই সমীক্ষার উপর কোনও বিধিনিষেধ ছিল না। সে বছর থেকে নির্বাচন কমিশন নিয়ম করে শেষ দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যাবে না।
প্রশ্ন হল, এই সমীক্ষার ফল কী মেলে? বিগত কয়েকটি ভোটে বেশিরভাগ সংস্থার ফল মিলেছে। আবার অনেকবার মেলেওনি। যেমন, ২০০৪। সেবার ভোটের আগে ও পরে, দু'বারই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর সরকার ক্ষমতায় থেকে যাচ্ছে। বাস্তবে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যায় আসন পায়নি বিজেপি ও তাদের জোট এনডিএ। তবে যত দিন গিয়েছে, এই সমীক্ষার ফল নিখুঁত হয়েছে।