
শেষ আপডেট: 19 April 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভোট দিতে এসে চোখে আঘাত পেলেন এক ভোটার। শীতলখুচির একটি বুথে ভোট দিতে এলে তৃণমূল সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে বিতণ্ডা চলার সময় ইট ছোড়াছুড়ি হয়। ইটের আঘাত লাগে ওই ভোটারের চোখে।
শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট চলছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট গ্রহণ চলছে। অন্যান্য জেলা তেমন কোনও অশান্তি না হলেও কোচবিহারের বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। দিকে দিকে সংঘর্ষ হয়েছে।
শীতলখুচিতেই ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তাদের দলের এক কর্মীর মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ মারা হয়েছে। এর ঠিক আগেই শীতলখুচিতে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়িতে বুথ চালু নিয়ে তৃণমূল-বিজেপির হাতাহাতি হয়েছে। ভেটাগুড়িতেও রাস্তার পাশে বোমা উদ্ধার হয় বলে অভিযোগ।
সকালে দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে হাসপাতালে দেখতে যান মন্ত্রী উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের দলবলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন উদয়নবাবু।
শুধু তাই নয়, কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়ে ছিল। ভোটারকে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর সহ তাঁকে মারধরের অভিযোগ করার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তিতে ভোট হচ্ছে কোচবিহারে।