
অরূপ চক্রবর্তী, সুভাষ সরকার
শেষ আপডেট: 16 April 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: হাসপাতালের আউটডোরে দলীয় পতাকা সমেত কর্মী সমর্থকদের নিয়ে ঢোকায় এবার বিপাকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিজেপি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে পদ্মশিবির।
সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। পরে তিনি দলীয় পতাকা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই বাঁকুড়া সম্মিলনী হাসপাতালের ভিতরে ঢুকেছিলেন বলে বিজেপির অভিযোগ।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, "জনসংযোগের নামে দলীয় পতাকা সহ হাসপাতালে ঢুকেছেন তৃণমূল প্রার্থী। অথচ ওদের এর আগে হাসপাতালে দেখা যায়নি। ১৫০ কোটি টাকা খরচ করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে সুপার স্পেশ্যালিটি ব্লক তৈরি হলেও চিকিৎসক-নার্স নেই, ফলে জরুরি পরিষেবার জন্য মানুষকে কলকাতা ছুটতে হয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দলীয় পতাকা নিয়ে হাসপাতালে তৃণমূল প্রার্থীর যাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।"
এবিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সময় খারাপ তাই সুভাষ সরকার উল্টোপাল্টা বকছেন। আমি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই ওখানে গেছি। জলছত্র ও চা চক্রে যোগ দিয়েছি। ওখানে কোনও সভা করিনি।"