
শেষ আপডেট: 28 March 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের পর এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগ তুলেছে তৃণমূল। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল।
তৃণমূল সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছে। ৬ সেকেন্ডের ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে।''
ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। তবে ওই ভিডিওকে সামনে রেখেই এদিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। তৃণমূলের অভিযোগ, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া সামনে আনলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তমলুকের ময়না বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছিলেন অভিজিৎ। গোজিনা অঞ্চলের পায়রাচক কালীমন্দির মাঠে কর্মী সম্মেলনে হাজির হয়েছিলেন। সেখানেই প্রাক্তন বিচারপতির দাবি, "মোটেই মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করিনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।"
বিচারপতির কথায়, "আলঙ্কারিক অর্থে আমি ওই শব্দবন্ধটি ব্যবহার করেছিলাম। আগে ও পরের অংশের বক্তব্য কেটে মাঝের ৬ সেকেন্ডের ভিডিও আপলোড করে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মানুষই এর বিচার করবেন।"
শাসকদলের অবশ্য বক্তব্য, ''কলকাতা হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করে মন্তব্য করছে। এই ব্যক্তি বিজেপির প্রার্থী। দেশের গণতন্ত্রের জন্য এটি কলঙ্কের ব্যাপার।''