
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 April 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় রাজনৈতিক দলগুলি। দেশের বিকাশ, উন্নয়ন, সামাজিক ন্যায়ের নামে খয়রাতির গালভরা কথা দেয় সব দলই। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু সস্তায় মদ বিক্রির প্রতিশ্রুতি দিলেন। অন্ধ্রপ্রদেশের বিরোধী দল টিডিপি রাজ্য বিধানসভা ও লোকসভা ভোটের আগে এরকমই অত্যাশ্চর্য নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে চমক লাগিয়ে দিয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলা নিয়ে দেশ যখন উথালপাতাল, তখন অন্ধ্রে সস্তায় ভালো মদ বিক্রির প্রতিশ্রুতি শুনে হতবাক রাজ্যে টিডিপি-র জোট শরিক বিজেপিও।
তারা কথা দিয়েছে, মদের দাম আরও কমিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মদের মানও আরও উন্নত করা হবে। লোকসভা ভোটে রাজ্যের কুপ্পাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন নাইডু। সেখানে আয়োজিত একটি জনসভায় এই প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সরকার গড়লে ৪০ দিনের মধ্যে উন্নতমানের মদ সরবরাহ করব। শুধু তাই নয়, সেই ভালো জাতের মদের দামও সস্তা করে দেব।
২০১৯ সালে দক্ষিণের এই রাজ্যে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাইডু। এবার তাঁর সেই প্রতিশ্রুতিকেই হাতিয়ার করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তা নিয়ে রেড্ডিকে তুলোধনা করে নাইডু বলেন, আমাদের ছোট ছোট ভাইদের আবদার হল মদের দাম কমানোর।
টিডিপি নেতার বক্তব্য, সব জিনিসের আকাশছোঁয়া দাম। অত্যাবশ্যকীয় পণ্যের সঙ্গে মদের দামও লাগামছাড়া হয়েছে। নাইডু বলেন, জগনমোহন রেড্ডি একটি নিপের দাম ৬০ টাকা বাড়িয়ে দিয়েছেন। এখন সেটার দাম ২০০ টাকা। এর মধ্যে ১০০ টাকা পকেটে ঢোকাচ্ছে সরকার। আমি যখনই মদের দাম কমানোর কথা বলছি, দেখছি আমাদের ভাইদের মধ্যে কী উল্লাস!
নাইডু এর আগেও বহুবার রেড্ডি সরকারের বিরুদ্ধে নিম্নমানের মদ বিক্রির অভিযোগ তুলেছেন। কারণ, অন্ধ্রে কেবলমাত্র সরকারি দোকানেই মদ বিক্রি করতে পারে। এবং মদ বিক্রি থেকে প্রভূত পরিমাণে রাজস্ব আদায় হয়। টিডিপির শরিক দল অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টিও রেড্ডির বিরুদ্ধে খারাপ মানের মদ বিক্রির অভিযোগ তুলেছে। কল্যাণ নিজেই বলেছেন, ওয়াইএসআর কংগ্রেস যে মানের মদ বেচে, তাতে রাজ্যের মানুষ অসুস্থ হয়ে পড়বেন কিছুদিনেই। রেড্ডির বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকা মদ বিক্রি করে লুটে নেওয়ার অভিযোগ তোলেন পিথাপুরমের প্রার্থী।