
মুখ্যমন্ত্রী পদযাত্রার আগে রাস্তা ধোয়া নিয়ে সরব শুভেন্দু- গ্র্যাফিক্স বৃষ্টিকণা সিরাজ
শেষ আপডেট: 17 May 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গ্রীষ্মের দাবদহে পুড়ছে বাংলা। বাঁকুড়া-পুরুলিয়ার মতো লালমাটি এলাকায় অনেক গ্রামে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে। বিশেষত পুরুলিয়ায় জনজাতি অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামে "জল নেই, ভোট নেই" বলে স্লোগান তুলেছেন বাসিন্দারা। এমন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার আগে পানীয় জল দিয়ে রাস্তা ধোওয়ার অভিযোগ উঠল। এক্স হ্যান্ডেলে এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু তাঁর পোস্টে লেখেন, "হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার...বিকেল তিনটায় মিছিলে হাঁটবেন বলে, রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে 'প্রতিকার'!"
হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার...
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 17, 2024
বিকেল তিন'টায় মিছিলে হাঁটবেন বলে, রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে 'প্রতিকার' !!!
এই গরমে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই পানীয় জলের আকাল দেখা দিয়েছে।… pic.twitter.com/yKuGrwtfDO
এরপরেই কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। এবিষয়ে বিরোধী দলনেতা লেখেন, “এই গরমে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই পানীয় জলের আকাল দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী যাতে সুবিধে না পেয়ে যান তাই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারি প্রকল্প - জল জীবন মিশনের বাস্তবায়নে জেনে বুঝে সব থেকে বেশি ঢিলেমি দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মানুষের কষ্ট নিবারণ করার সৎ উদ্দেশ্য নেই। কিন্তু নিজের সামান্যতম অসুবিধা যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।"
সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। সেখানে দেখা গিয়েছে, পুরসভার জলের গাড়ি নিয়ে বিকেলে রাস্তা ধোওয়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর দাবি, ওই রাস্তা দিয়েই বৃহস্পতিবার কাঁথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। কাঁথি শহরে, প্রার্থী উত্তম বারিকের সমর্থনেই ছিল এই পদযাত্রা।
কাঁথি পুরসভার চেয়ারম্য়ান সুপ্রকাশ গিরি বলেন, "ব়্যালিতে অনেক মানুষ হাঁটবেন সেটা ভেবেই রাস্তা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছিল। পুরসভা নিয়মমাফিক কাজ করেছে।"