
শেষ আপডেট: 11 June 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভোটের শেষ দফা থেকে তেতে রয়েছে সন্দেশখালি। পুলিশের উপর হামলা ও সন্দেশখালিতে অশান্তি ছড়ানোর অভিযোগে ধরপাকড় শুরু করেছে পুলিশ। সোমবার সরবেড়িয়ার ভুঁইয়া পাড়ায় বিজেপি নেতা অভয় ভুঁইয়ার খোঁজে গেছিল তারা। সেখানে ওই বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে উতপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
পুলিশ এদিন বিজেপি নেতার বাড়ি যাওয়ার পরে সেখানে অভয়ের খোঁজে তল্লাশি চালাতে চায়। তখন পরিবারের লোকজন পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। অভিযোগ, সেই সময়ে মহিলা পুলিশ এগিয়ে দিয়ে পরিবারের সদস্যদের পিছনে ঠেলে বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। প্রতিবাদ জানালে বাড়ির মহিলাদের টেনে বাইরে বের করে আনা হয়। অভয় তখন বাড়িতে ছিলেন না। পুলিশের দাবি, খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে ওই বিজেপি নেতা। তাঁর খোঁজেই তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, ভোটের আগে ও পরে সন্দেশখালির একাধিক জায়গায় বোমাবাজি ও অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। তাই তাঁর খোঁজে এদিন তল্লাশি অভিযান চলে। সন্দেশখালির বয়ামারি পুলিশের উপর হামলা ও এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে আরও ৭ জন গ্রেফতার হয়েছে। এই নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সন্দেশখালি বেরমজুর এক নম্বর পঞ্চায়েত বটতলায় রবিবার রাতে পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ এসে মহিলাদের মারধর করে। এমনকী গ্রামের পুরুষদের লাঠি দিয়ে পেটায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা বলছেন, সন্ধে নামলেই পুরুষশূন্য হয়ে যাচ্ছে গ্রাম। পুলিশ ও শাসক দলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। বাড়ির মহিলারা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার দুপুরে ওই এলাকায় গেছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। তিনি গ্রামবাসীদের সমস্ত অভিযোগ শোনার পর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।