
ফাইল ছবি
শেষ আপডেট: 28 March 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: আপাত খানিক আইনি স্বস্তি মিলল অরবিন্দ কেজরিওয়ালের। ইডি গ্রেফতার করায় মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
আম আদমি পার্টি দলের আহ্বায়ক কেজরিকে গ্রেফতারের পর থেকেই দাবি করে আসছিল, জেল থেকেই সরকার চালাবেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তাতে বলা হয়, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী পদে কাজ করার মর্যাদা হারিয়েছেন কেজরিওয়াল। কিন্তু, এদিন সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত বলে, এটা রাজনৈতিক বিষয়। বিচারবিভাগের হস্তক্ষেপের প্রশ্ন ওঠে না।
দিল্লির বাসিন্দা সুরজিৎ সিং যাদব নামে নিজেকে কৃষক এবং সমাজকর্মী বলে দাবি করা এক ব্যক্তি আদালতে জনস্বার্থ আবেদনটি করেছিলেন। আবেদনে তিনি বলেন, আদালত যেন কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল সচিব, দিল্লি সরকার এবং লেফটেন্যান্ট গভর্নরের কাছে জানতে চায়, কোন অধিকারে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে কাজ চালাতে পারেন। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কোনও ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে কাজ চালাতে পারেন না।
এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার বেঞ্চ বলে, এটা প্রশাসনিক, রাজনৈতিক এবং রাষ্ট্রপতির বিচার্য বিষয়। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। আদালত আরও বলেছে, আমরা আজকের খবরের কাগজে পড়েছি যে লেফটেন্যান্ট গভর্নর বিষয়টি খতিয়ে দেখছেন। এরপর বিষয়টি রাষ্ট্রপতির কাছে যাবে। সবটাই অন্য বিষয়। আমরা কেন কোনও নির্দেশ দিতে যাব!
আদালত আরও জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রী পদে কাজ চালানোর বিষয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই। যদি কোথাও সাংবিধানিক গাফিলতি ঘটে তা দেখার জন্য রাষ্ট্রপতি-রাজ্যপালরা আছেন। আদালত কোনও রাজনৈতিক কার্যকলাপে নাক গলাতে চায় না। এর জন্য রাজনৈতিক দলগুলি রয়েছে। তারা জনতার রায় জানতে চাইবে। এটা আমাদের কাজ নয়। তাই আমরা এই আর্জি খারিজ করে দিচ্ছি।