
Tapas Roy and Rahul Sinha
শেষ আপডেট: 6 March 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধেয় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন প্রবীণ নেতা তাপস রায়। সেই যোগদান মঞ্চে শুভেন্দু-সুকান্ত-মঙ্গল পাণ্ডে ছাড়াও ডাকা হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে। দেখা যায়, তাপস রায়কে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন রাহুল।
অনেকের মতে, বুধ সন্ধেয় এই ছবিটাতেই উত্তর কলকাতা লোকসভায় ইন-আউটের ছবিটা পরিষ্কার হয়ে গেল। উত্তর কলকাতা লোকসভায় পর পর দু’বার প্রার্থী হয়ে ডাহা হেরেছেন রাহুল সিনহা। তাঁর আগে ২০০৯ সালে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন বিজেপির আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায়। তিনি মাত্র ৩৭ হাজার ভোট পেয়েছিলেন।
কিন্তু রাহুল সিনহা যখন উত্তর কলকাতায় প্রার্থী হন, ততদিনে দুটি ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। এক, গোটা দেশে মোদী হাওয়া বইতে শুরু করে দিয়েছে। এবং বামেদের ভোটে দ্রুত ক্ষয় হচ্ছে। এই পরিবেশে ২০১৪ সালের লোকসভা ভোটে উত্তর কলকাতা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে হেরেছিলেন রাহুল সিনহা। তার পর ২০১৯ সালে বাংলায় যখন বিজেপি ১৮টি আসনে জিতেছে, তখনও দেখা যায় কলকাতা উত্তর অধরা। সেবার ফের এই আসনে প্রার্থী হয়ে প্রায় ১ লক্ষ ২৭ হাজার ভোটের ব্যবধানে হেরে যান রাহুল সিনহা।
এবার রাহুল সিনহাকে আর কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হবে না বলেই রাজ্য বিজেপির একাংশ মনে করছিল। অন্তত উত্তর কলকাতা থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কমছিল। তারই মধ্যে আবার ঢুকে পড়েছেন তাপস রায়। তাপস উত্তর কলকাতার দাপুটে নেতা। তাঁর অন্যতম রাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উত্তর কলকাতা আসনে সুদীপকে হারাতে তিনি পণ করেছেন। সূত্রের মতে, বিজেপির সঙ্গেও তাঁর সেই শর্তে সমঝোতা হয়েছে যে তাঁকে উত্তর কলকাতা আসনেই প্রার্থী করা হবে।
তাপস রায় বরাহনগরের তিন বারের বিধায়ক। তার আগে উত্তর কলকাতার বিদ্যাসাগর আসন ও বড়বাজার থেকে বিধায়ক ছিলেন। অনেকে মনে করছিলেন তাপস রায়কে দমদম লোকসভা থেকেও প্রার্থী করা যেতে পারে। সেই সম্ভাবনা যে এখনও নেই তা নয়। তবে কলকাতা উত্তর লোকসভা আসনেই তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। সেদিক থেকে এদিনের যোগদান মঞ্চ ইন-আউটের বার্তায় উজ্জ্বল হয়ে রইল বইকি।