
IPS officer Prasun Bandyopadhyay
শেষ আপডেট: 17 March 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: লোকসভায় তৃণমূলের অপ্রত্যাশিত প্রার্থীদের মধ্যে আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় একজন। উত্তর মালদহ থেকে তিনি এবার জোড়া ফুলের প্রার্থী হয়েছেন। খাকি উর্দি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রাক্তন পুলিশ কর্তা। প্রচারে বিরোধীদের চ্যালেঞ্জ জানাতে তাঁর মুখে শোনা যাচ্ছে ফিল্মি ডায়লগ।
হরিশচন্দ্রপুরে স্কুল মাঠে বক্তৃতা দিতে উঠে প্রসূনবাবু বলেন, “প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি। ম্যায় হু না। বুটের দপদপানি, একে-৪৭ দিয়ে কোনও লাভ নেই।" কর্মীদের উদ্দেশে প্রাক্তন আইপিএস বলেন, "প্রতিপক্ষকে সম্মান দেবেন, কাউকে কুকথা বলবেন না।"
প্রসূনবাবুর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মালদহ উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মু বলেন, “আমরা তৃণমূলের প্রতিটা চমকানো ধমকানো নির্বাচন কমিশনে জানাব।"
মালদহে সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া দুবার দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশ সুপার ছিলেন। ওই এলাকা তাঁর হাতের তালুর মতই চেনা। শুধু পুলিশ অফিসার নন, তিনি অভিনেতাও। স্টার জলসায় ‘দেশের মাটি’ নামে একটি সিরিয়ালে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। সেই সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।