
স্মৃতি, সুপ্রিয়া, শশীর জয় নিয়ে সংশয়
শেষ আপডেট: 3 June 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসতে চলেছে বলে শনিবার বেশিরভাগ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে। আবার বরাবরের মতো এবারও বেশ কিছু আসনে অঘটনের আভাসও রয়েছে।
সমীক্ষা সংস্থা স্কুল অফ পলিটিক্স দেশের ৫৪২ আসনেই (একটিতে ভোট হয়নি) বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে। তবে বাছাই করা কয়েকটি কেন্দ্রের বুথ ফেরত সমীক্ষার ফল জানিয়েছে তারা। সেই তালিকায় অন্যতম হল উত্তরপ্রদেশের হাই প্রোফাইল কেন্দ্র অমেঠি। স্কুল অফ পলিটিক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অমেঠিতে বর্তমান সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির জয় নিশ্চিত নয়। বুথ ফেরত সমীক্ষা অমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মাকে এগিয়ে রেখেছে।
অমেঠিতে যে ফল উল্টে যাওয়া অসম্ভব নয়, তার আভাস মিলেছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে। গতবার সেখানে স্মৃতির কাছে হেরেছিলেন রাহুল গান্ধী। এবার রাহুল আর প্রার্থী হননি। তবে তাঁর ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে প্রার্থী করে কংগ্রেস। যদিও সেখানে আসলে প্রার্থী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। অমেঠিতে ক্যাম্প করে টানা প্রচার চালিয়েছেন সনিয়া কন্যা। দিন কয়েক আগে স্বয়ং স্মৃতি এই বিষয়ে মুখ খুলেছিলেন। বলেন, আমাকে লড়তে হচ্ছে আসলে প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে। কিশোরীলাল নামেই প্রার্থী।
স্কুল অফ পলিটিক্স জানিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমে বিদায়ী সাংসদ শশী তারুরও নিরাপদ নন। তাঁর বিরুদ্ধে সিপিএম এবং বিজেপি জোরদার লড়াই চালিয়েছে। এই দুই দলের কোনও একটির কাছে হেরে যেতে পারেন শশী। জয়ের সম্ভাবনা বেশি বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। কেরলের রাজধানী শহর তিরুবন্তপুরম আসনের লড়াই এবার প্রথম থেকেই আলোচনায় ছিল। শশী এবং রাজীব চন্দ্রশেখর দফায় দফায় নির্বাচন কমিশনের কাছে পরস্পরের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন।
এবার গোটা দেশের আলোচিত আসনগুলির মধ্যে অন্যতম হল মহারাষ্ট্রের বারামতী। এনসিপি’র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের দীর্ঘদিনের কেন্দ্র বারামতীর বর্তমান সাংসদ তাঁর মেয়ে সুপ্রিয়া সুলহে। বয়সের ভারে কাবু শরদের দলীয় কাজকর্ম অনেকটাই দেখভাল করেন সুপ্রিয়া।
বারামতী পাওয়ার পরিবারের খাস তালুক হিসাবেই দীর্ঘদিন ধরে পরিচিত। সেই তালুক এবার কাকার হাত থেকে ছিনিয়ে নিতে বিপুল ঘাম ঝরিয়েছেন অজিত। আসলে বারামতী-এনসিপি-শরদ পাওয়ার বলতে গেলে সমার্থক বহুদিন ধরেই। বারামতীর সেই পরিচিতি এবার বদলে দিতে মরিয়া ছিলেন শরদের দলছুট ভাইপো অজিত।
এবার সেখানে পরিবারের দুই সদস্যের মধ্যে লড়াই হয়। শরদের ভাইপো অজিত তাঁর স্ত্রী’কে বারারমতীতে জ্যাঠতুতো বোন সুপ্রিয়ার বিরুদ্ধে প্রার্থী করেন। গত বছর নিজের অনুগামীদের নিয়ে এনসিপি ভেঙে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেন অজিত। বারামতীতে ননদ-বৌদির লড়াই তুমুল কৌতূহল তৈরি করে।
বারামতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবারও মেয়েকে জেতানোর আর্জি জানান পাওয়ার। বারামতী গিয়ে ছোট বেলার বন্ধু, রাজনৈতিক সঙ্গীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন। তবে একাধিক এক্সিট পোলের মতো স্কুল অফ পলিটিক্স জানিয়েছে, বারামতীতে সুপ্রিয়ার জয়ের সম্ভাবনা কম।