
কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 27 May 2024 23:29
দ্য ওয়াল ব্যুরো: তখনও তৃণমূল কংগ্রেস গঠিত হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ব্রিগেডের সভায় বাম শাসনের প্রতীকী ‘মৃত্যুঘণ্টা’ বাজিয়েছিলেন। ৩২ বছর পর ফের কলকাতার রাস্তায় বাজল ‘মৃত্যুঘণ্টা’। তবে এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে 'মৃত্যুঘণ্টা' বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বৃষ্টিভেজা কলকাতায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। গান্ধি ভবন থেকে মানিকতলা পর্যন্ত রোড শো ছিল তৃণমূল নেত্রীর। মিছিলের শুরুতেই ‘মৃত্যুঘণ্টা’ বাজান তিনি। এবার তাঁর এই প্রতীকী ‘মৃত্যুঘণ্টা’ বিজেপির জন্য। ঘণ্টায় বড় করে লেখা ছিল বিজেপি।
ব্রিগেডের ময়দানে মমতা যে ‘মৃত্যুঘণ্টা’ বাজিয়েছিলেন সেই সময় তা তৈরি করেছিলেন পরেশ পাল। প্রায় ১৯ বছর বাদে বাম শাসনের অবসান হয় বাংলায়। ৩২ বছর পর এবার বিজেপিকে সরাতে প্রতীকী ‘মৃত্যঘণ্টা’ বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।এবারও নেপথ্যে সেই পরেশ পাল।
কলকাতা উত্তর কেন্দ্রে কানাঘুষো শোনা যায়, সুদীপের সঙ্গে পরেশ গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিনের মৃত্যুঘণ্টা-র মধ্যে দিয়ে শুধু বিজেপিকেই নয়, দলের অন্দরেও বার্তা দিতে চেয়েছেন নেত্রী। বিজেপির এরাজ্যে ক্ষমতায় আসা আটকাতে হলে দলের সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে, তৃণমূল সুপ্রিমো যেন সেই ইঙ্গিতই দিতে চেয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ওই উত্তর কলকাতাতেই রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবারই তাঁর প্রচার কর্মসূচী রয়েছে। এদিন রোড শো শুরুর আগে বিকেল ৫ টা নাগাদ বাগবাজারে সারদা মায়ের বাড়ি যাবেন মোদী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সন্ধে ৬টা নাগাদ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রীর রোড শো করার কথা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই হাইভোল্টেড রোড শো-কে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে প্রস্তুতি তুঙ্গে।