
শেষ আপডেট: 15 April 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দফতর হানার ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে কপ্টার হানার ঘটনায় চিঠি দিয়েছে তৃণমূল। কোচবিহারের সভা থেকে বিষয়টি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে আয়কর দফরের ভূমিকা নিয়ে সরব বিরোধীরা। সোমবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে তা নিয়েই কড়া ভাষায় তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে এদিন মমতা বলেন, "অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। তার আগে হেলিপ্যাডে পাঠিয়ে দেওয়া হয় ইনকাম ট্যাক্স বাবুদের। হেলিকপ্টারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে! আমি বলি ওটা আমরা করি না, ওটা বিজেপি করে।ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে।"
চব্বিশের লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলি 'অতিসক্রিয়' হয়ে উঠেছে, এই অভিযোগে বারবর সরব হয়েছে তৃণমূল। প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই কেন্দ্রের 'পক্ষপাতদুষ্ট' আচরণের কথা তুলে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের সভায় অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে মমতা বলেন, "বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?”
একইসঙ্গে মমতার কটাক্ষের সুরে আরও বক্তব্য, "ভোটের আগে দুয়ারে দুয়ারে সিবিআই, ইডি পাঠাচ্ছে। আইটি পাঠাচ্ছে। গতকাল অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে। ওখানে কী পাবে ভেবেছিল? সোনা? আমরা ওসব করি না। আমাদের টাকা, সোনা নেওয়ার দরকার নেই। কোনও দরকার হলে আমরা মায়ের কাছে হাত পাতব।”
তৃণমূলের তরফে জানানো হয়েছে, চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেছে তাঁরা। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। রাজ্যের শাসক দলের অভিযোগ, অভিষেকের চপারে তল্লাশি অভিযান চালিয়ে কিছু না পেয়ে নিরাপত্তারক্ষীদের হুমকি দেন আয়কর আধিকারিকরা। এমনকী চপার বেআইনি বলে আটকে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন। শাসক শিবিরের দাবি, আয়কর দফতর তার ক্ষমতার অপব্যবহার করছে এবং বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য কার্যত বিজেপির সুবিধার্থে কাজ করছে তাঁরা।
এদিকে আয়কর দফতর সূত্রের খবর, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে। সোমবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে উপস্থিত হন নির্বাচন কমিশন নিযুক্ত তিন আধিকারিকও।