
শেষ আপডেট: 10 March 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট লোকসভা আসনে অভিনেত্রী নুসরত জাহানকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রার্থী করবেন না তা বহু আগে লিখেছিল দ্য ওয়াল।
শেষমেশ অঘটন না ঘটলে সেটাই হতে চলেছে। এখন কৌতূহলের বিষয় হল, সেখানে তাহলে কাকে প্রার্থী করা হতে পারে। গত দু’দিন ধরে সেই সম্ভাব্যর তালিকায় সবার আগে দৌড়ে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। ববি-কন্যা বর্তমানে মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদক। সংখ্যালঘু মুখও বটে। বসিরহাটে যুৎসই সংখ্যালঘু মহিলা মুখ খুঁজছিলেন মমতা-অভিষেক। তা না পেয়ে প্রিয়দর্শিনীর নাম এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু শেষমেশ সম্ভবত প্রিয়দর্শিনীকে প্রার্থী করা হচ্ছে না।
তাহলে বসিরহাটে কাকে প্রার্থী করা হতে পারে?
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বসিরহাটে পুরনো চালে আস্থা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে এখন সংখ্যালঘু পরিচিত মুখ এদিনের ব্রিগেড সভায় তৃণমূলে যোগ দেওয়ার কথা। হয় তাঁকে বসিরহাটে প্রার্থী করা হবে। অথবা বসিরহাটে প্রার্থী করা হতে পারে এই তৃণমূলের একদা সাংসদহাজি নুরুল ইসলামকে।
২০০৯ সালে হাজি নুরুল বসিরহাটে ৬০ হাজার ভোটে জিতেছিলেন। সেই ভোটে তিনি হারিয়েছিলেন বসিরহাটের তৎকালীন সিপিআই সাংসদ অজয় চক্রবর্তীকে। এবার বসিরহাটে কামব্যাক হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে নুরুল। তাঁকেই প্রার্থী করা হয় কিনা তা জানতে আর মাত্র দু’ঘণ্টার অপেক্ষা।