
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় - দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 5 April 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তমলুকে প্রার্থীও হয়েছেন। ব্রিগেডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে পরোক্ষে মন্তব্য করেছিলেন। কেউটে সাপের সঙ্গে তুলনা টেনেছিলেন তাঁর। শুক্রবার কোচবিহারের জনসভা থেকে আবার তাঁকে নিশানা করলেন মমতা। বললেন, তাঁর চাকরি এবার জনগণ খাবে!
নিয়োগ দুর্নীতির মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় আলোড়ন সৃষ্টি করেছিল। চাকরিপ্রার্থীদের একাংশ তাঁকে ভগবান মানতেও শুরু করেছিল। সেই বিচারপতি পদ ছেড়ে এখন বিজেপি নেতা, ভোটের প্রার্থী। বিচারপতি থাকাকালীন তাঁর নির্দেশে অনেকের চাকরি গেছিল। সেই নিয়ে তৃণমূল আক্রমণ করতে ছাড়েনি। ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছিলেন তাঁকে। শুক্রবারও একই কাজ করলেন।
মমতা এদিন কোচবিহারের সভা থেকে বলেন, ''একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন দেখলেন? এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি।'' এরপরই মমতার নাম না করে অভিজিৎকে বার্তা, ''আপনি অনেকের চাকরি খেয়েছেন, এবার আপনার চাকরি খাবে জনগণ।'' তমলুকে অভিজিতের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্যকেই প্রার্থী করছে তৃণমূল । মমতা এদিন দাবি করে বলেন, ''দেবাংশু ছুটিয়ে বেড়াবে তাঁকে।''
বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'সুবিধাবাদী' বলেছিলেন। তারপর নারী দিবসেই সভা থেকেই কার্যত ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, তিনি যেখানেই দাঁড়ান, ছাত্র-নেতাদের দিয়েই তাঁকে হারাবেন। সেই প্রেক্ষিতে তমলুকে অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের এক তরুণ তুর্কিই প্রার্থী হয়েছে। ভোটের লড়াইয়ে কে কাকে টক্কর দিল এখন সেটাই দেখার।
তৃণমূল আগেই দাবি করেছিল যে, বিচারপতি পদে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে দলে যোগদানে এটাও স্পষ্ট হয়ে গেছে, তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই চাকরি মামলায় রায়গুলি দিয়েছেন। বিচারপতি থাকাকালীন অভিজিৎকে নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও তিনি রাজনীতিতে আসার পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁকে ভোটে হারানোর প্রত্যক্ষ চ্যালেঞ্জ।