
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 6 April 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে না জানিয়ে মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ, বালুরঘাটে জনসভায় যাওয়ার আগে কর্ণজোড়া হেলিপ্যাডে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জনসভায় পৌঁছে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে শনিবার মমতা পৌঁছন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনে। সেখানেই ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা। এদিনের জনসভায় তিনি বলেন, "'কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল ২০০২ সালে। গদ্দারেরা জানে হারবে, তাই তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে।"
শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। অভিযোগ, গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। দু'জন আধিকারিক জখমও হন। এদিকে ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কিন্তু ভূপতিনগরে মহিলারা হামলা করেননি, বরং হামলা করেছে এনআইএ, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানালেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বলেন, "লোকের বাড়ি গিয়ে মধ্যরাতে যদি অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।’’
ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, বার বার এমনই অভিযোগ করেছে তৃণমূল। ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনাতেও একই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভূপতিনগরের ঘটনায় তিনি বোঝাতে চেয়েছেন, যেভাবে স্থানীয় পুলিশের অনুমতি ছাড়া মধ্যরাতে এনআইএ গ্রামে ঢুকেছিল তাতে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে।
গোটা ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্তেরও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতার বক্তব্য, "ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না।"
বালুরঘাট কেন্দ্র থেকে গতবার জিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারেও সেখানে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ। তাঁকে ৩৩ হাজারের কাছাকাছি ব্যবধানে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার। তবে এবার এই আসনটি নিজেদের দখলে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। এদিনের সভা থেকে নাম না করে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এখানে ওই কুসান্ত বাবু আছেন, আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তা-ই করতে হবে।’