
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়। ফাইল চিত্র।
শেষ আপডেট: 4 May 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: ভোটের কাজ জোরকদমে চলছে। দলের খুঁটিনাটি কাজকর্মের জন্য কলকাতার এক নামী স্কুলের কয়েকটি ঘরকেই নাকি পার্টি অফিস বানিয়ে ফেলেছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তাপস রায়ের। তিনি দাবি করেছেন, এখন স্কুলের গুটিকয়েক ঘরই নাকি সুদীপের ঠিকানা। সেখানে বসেই ভোটের যাবতীয় কাজকর্ম সেরে নিচ্ছেন তিনি।
তৃণমূলে থাকাকালীনই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাপস রায়। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়ের মধ্যে বনিবনার অভাব নতুন ঘটনা নয়। এর আগে এক ঘরোয়া আড্ডায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাপস জানিয়ে দিয়েছিলেন, যাই ঘটে যাক, লোকসভা ভোটে সুদীপকে ফের উত্তর কলকাতায় প্রার্থী করা হলে তিনি প্রচারে নামবেন না। এখন অবশ্য হাওয়া বদলে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় ওই কেন্দ্র থেকেই বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাপসবাবু।
তাপস রায়ের অভিযোগ, কলকাতার একটি নামী স্কুলের ক্যাম্পাসের ভেতরেই দুটি ফ্ল্যাট রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তাঁর পার্টি অফিসও রয়েছে। তাপসবাবুর আরও অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে স্কুলের ভেতর পার্টি অফিস করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারটাকে মোটেও ভালভাবে নিচ্ছেন না অভিভাবকরা।দাবি, অনেকেই নাকি এর বিরুদ্ধে নালিশ করেছেন। কখনও কোনও শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল এক জায়গায় হয়ে কাজ করতে পারে না।
স্কুলের ভেতর প্রভাব খাটিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বেআইনি নির্মাণ করেছেন বলেও অভিযোগ তাপস রায়ের। নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেছেন তিনি।
বস্তুত, তাপস রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আদায় কাঁচকলায়। তাপস রায় বিশ্বাস করেন, তাঁর বাড়িতে গত ১২ জানুয়ারি যে ইডির তল্লাশি চলেছিল, তার নেপথ্যেও ছিলেন সুদীপই। তিনিই লেলিয়ে দিয়েছেন। এবং তাঁর এও অভিমান যে, তিনি যে ‘চোর-জোচ্চোর’ নন, তা জেনেও দল সেদিন তাঁর ব্যাপারে কোনও মন্তব্য করেনি।