
কংগ্রেস ও বিজেপি
শেষ আপডেট: 6 May 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো: গত ৩১ মার্চ থেকে ২৯ এপ্রিল, এই তিরিশ দিনে গুগল, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখনও পর্যন্ত ষাট কোটি টাকা বিজ্ঞাপনে ব্যয় করেছে কংগ্রেস ও বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সময়কালের মধ্যে সামাজিক মাধ্যমে প্রচারের খরচে বিজেপির থেকে সামান্য এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি ঢেলেছে সাতাশ কোটি সাত লাখ। অন্যদিকে, কংগ্রেস তিরিশ কোটি টাকা ব্যয় করেছে। এই খরচ, ২০১৯-এর তুলনায় এখনই তিনগুণ বেশি। সেবার দুই দল মিলিয়ে ২০ কোটি টাকা ব্যয় করেছিল সামাজিক মাধ্যমে।
এবার এখনও পর্যন্ত অনেকটাই পিছনে তৃতীয়স্থানে আছে তৃণমূল কংগ্রেস। তারা খরচ করেছে উনআশি লাখ টাকা। দশ লাখ টাকা খরচ করেছে আম আদমি পার্টি। এই দলগুলি অল্প কয়েকটি রাজ্যে লড়াই করছে। স্বভাবতই এই খাতে তাদের খরচও বিজেপি, কংগ্রেসের তুলনায় কম। তাছাড়া, বাংলায় সাত দফায় ভোট হচ্ছে। এই রাজ্যে ১ জুন পর্যন্ত প্রচার চালাতে হবে। ফলে তৃণমূলের বাজেট বাড়তেও পারে।
একটি সর্ব ভারতীয় হিন্দি সংবাদপত্রের খবর অনুযায়ী বিজেপি প্রতিদিন বিরানব্বই লাখ এবং কংগ্রেস এক কোটি সাত লাখ টাকা গুগল, ফেসবুকের বিল মেটাচ্ছে। একটি ওয়েব সাইটের সঙ্গে বিজেপি বিজ্ঞাপন বাবদ ৪৭ কোটি টাকা খরচের চুক্তি করেছে।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজ প্রচার মাধ্যমে ভোটের বিজ্ঞাপন বাবদ ব্যয় নিয়ে গবেষণা করে। ২০১৯-এর লোকসভা ভোটের পর তারা জানিয়েছিল, সেবার ষাট হাজার কোটি টাকা খরচ হয়। এবার তা এক লাখ কুড়ি কোটি হবে বলে ওই সংস্থা আভাস দিয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং প্রচারের অভিনব নতুন নতুন কৌশল তো আছেই, সাত দফায় ভোট হওয়াতেও প্রচারের বাজেট বেড়ে চলেছে। বর্তমান আইনে প্রার্থীর খরচের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা আছে। কিন্তু দলের খরচের উপর কোনও বিধিনিষেধ নেই। ২০১৯-এর ভোটের প্রচারে দলগুলির মোট ব্যয়ের অর্ধেকের বেশি বিজেপি খরচ করেছিল বলে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ জানিয়েছে।