
শেষ আপডেট: 11 April 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়ায় তৃণমূলের একাংশ কর্মীর মধ্যে কি এখনও অর্জুন সিংয়ের আবেগ কাজ করছে? নাকি দলের কর্মীদের কাছেই ব্যারাকপুর লোকসভা আসনের দলীয় প্রার্থীর সম্পর্কে সম্যক ধারণা নেই? বৃহস্পতিবার ইদের দিন ভাটপাড়ার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এমনই একাধিক প্রশ্ন।
সৌজন্যে, এদিন তৃণমূলের এক কর্মীর কাণ্ডকারখানা। ভাটপাড়া পুরসভার পাশে এদিন ইদ উৎসবের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক উপস্থিত হতেই তাঁকে সম্বর্ধনা জানাতে মাইক হাতে দলের এক কর্মী অর্জুন সিং এর নামে জিন্দাবাদ ধ্বনি দিতে থাকেন! ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে পড়ে যান পার্থ। কালাবাবু নামে ওই কর্মী অবশ্য পরক্ষণেই নিজের ভুল শুধরে নেন।
কিন্তু ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিও। যার জেরে অস্বস্তিতে দলের ভাটপাড়ায় স্থানীয় নেতৃত্ব। এ ব্যাপারে পার্থ ভৌমিকের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে অস্বস্তি এড়াতে পরে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা তথা ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে দেবজ্যোতি বলেন, "ভুল করে বিজেপি প্রার্থীর নামে স্লোগান দিয়ে ফেলেছেন দলের এক কর্মী। পরে উনি নিজের ভুল শুধরেও নেন।"
প্রার্থীর নামে ভুল! তাহলে কি ভাটপাড়ায় দলের কর্মীরাই ঠিক করে জানেন না, ব্যারাকপুরে তাঁদের প্রার্থী কে? অর্জুনের নাম না করে দেবজ্যোতির ব্যাখ্যা, "বিজেপি প্রার্থী কয়েকদিন আগেও আমাদের দলে ছিলেন। কর্মীরা ওনার মতো দ্রুত রঙ বদল করতে পারেন না। তাঁদের আবেগ থাকে। সেই জায়গা থেকে ওই কর্মী ভুল করে বিজেপি প্রার্থীর নাম বলে ফেলেছেন।"
ব্যারাকপুর লোকসভা আসনে টিকিট না পেয়ে গত ১৪ মার্চ বিজেপিতে ফেরার কথা ঘোষণা করেছিলেন অর্জুন সিং। পরের দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগও দেন তিনি। বিজেপির তরফে ব্যারাকপুরে অর্জুনকে প্রার্থীও করা হয়েছে। তার পর থেকেই অর্জুন দাবি করে আসছেন, লক্ষাধিক ভোটে জয়ী হবেন।
এদিনের ঘটনার পর ভাটপাড়ার রাজনীতিতে গুঞ্জন, তৃণমূলের ভাটপাড়ার একাংশ কর্মীর এই 'আবেগ' ভোট বাক্স পর্যন্ত প্রভাবিত হবে না তো!