
হিরণ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 25 May 2024 09:09
দ্য ওয়াল ব্যুরো: ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। চলতি লোকসভা নির্বাচনও ব্যতিক্রম নয়। কিন্তু শনিবার ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, সারারাত ধরে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সকাল থেকে কোথাও দেখা যাচ্ছিল না তাঁদের। পরে বাহিনীকে নিশানা করে 'ম্যাচ ফিক্সিং'-এর অভিযোগও তুলেছেন হিরণ।
সকাল থেকেই একাধিক বুথে বুথে ঘুরছেন ঘাটালের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, ১৮২টি বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হিরণের অভিযোগ, পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা! এটাই কি 'শ্রেষ্ঠ' নির্বাচন করাচ্ছে কমিশন প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে বলেও বিরাট অভিযোগ করেছেন হিরণ।
শুক্রবার রাত থেকে তৃণমূলের ইন্ধনে রাজ্য পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়। এই ইস্যুতে কেশপুর, আনন্দপুরের দুই ওসিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়েছেন এঁরা। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।
হিরণের আরও দাবি, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে আছে। তৃণমূল, রাজ্য পুলিশ এবং বাহিনীর মধ্যে 'ম্যাচ ফিক্সিং' হয়ে গেছে! কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেও সংবাদমাধ্যমে দাবি করেন হিরণ। তাঁর বক্তব্য, ''ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে।''
হিরণের কনভয়ে গাড়ির সংখ্যা বেশি বলে তাঁকে আটকেছিল পুলিশ। সেই সময়েই সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে এমন দাবি করেছেন তিনি। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন হিরণ।