.webp)
হেমা মালিনী ও এষা এবং অহনা দেওল। ফাইল ছবি।
শেষ আপডেট: 20 April 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: ভোটপ্রচারে মা হেমা মালিনীর পাশে দুই কন্যা এষা ও অহনা দেওল। দ্বিতীয় দফায়, আগামী ২৬ এপ্রিল ভোট আছে মথুরায়। তার আগে কাল, রবিবার পুরো দিনটা মায়ের সঙ্গে ঘুরবেন দুই মেয়ে। শনিবার বিকেলের মধ্যে তাই মথুরায় পৌঁছে যান এষা ও অহনা।
কৃষ্ণ জন্মভূমি মথুরার দুবারের বিজেপি সাংসদ হেমা মালিনী। এবার হ্যাটট্রিকের জন্য লড়াই করছেন। সেই প্রচারে মায়ের পাশে থাকতে এদিন মথুরায় চলে গিয়েছেন দুই মেয়ে। এখানে এসেই তাঁরা বৃন্দাবনের বিখ্যাত বাঁকেবিহারী মন্দিরে পুজো দেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন দুই বোন।
এষা বলেন, মথুরায় ব্যাপক উন্নতি হয়েছে। ঐতিহ্য ও পরম্পরা রক্ষার পাশাপাশি পর্যটনে প্রচুর কাজ হয়েছে। মথুরার মানুষ ইতিমধ্যেই আমাদের মাকে নির্বাচিত করে ফেলেছেন। তিনি এখানকার জন্য আরও কাজ করবেন। বলেন, ব্রজভূমির মানুষ চান আমার মা জিতুন। মথুরার সাংসদ থাকুন তিনি। এখানকার জন্য তাঁর আরও অনেক কিছু করার আছে, বলেন এষা।
এষা আরও জানান, তাঁরা মথুরা যুব সম্প্রদায়ের সঙ্গে দেখা করে ভোটের বিষয়ে সচেতন করে তুলবেন। এদিকে, হেমা মালিনী কেন্দ্রের ভোটারদের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, একটি ভোটও গুরুত্বপূর্ণ। তাই সকলে ভোট দেবেন।
চলতি সপ্তাহেই এক প্রচারে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের গোপী বলে পরিচয় দেন প্রবীণ অভিনেত্রী তথা কৃষ্ণজন্মভূমি মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী। তাঁর দাবি, আমি নামযশ কামানোর জন্য রাজনীতিতে আসিনি। অন্য কিছু আমদানির জন্য পতাকা হাতে ধরিনি। আমি কৃষ্ণের গোপী। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী মাত্রেই ভালোবাসেন, স্নেহ করেন। সে কারণে ব্রজবাসীদের জন্য কিছু করতে পারলেই তাঁর উপর কৃষ্ণের অপার করুণা ও আশীর্বাদ ঝরে পড়বে জানান অভিনেত্রী।
হেমার আরও দাবি, আমি গত ১০ বছর ধরে ব্রজবাসীদের সেবা করে আসছি। তৃতীয়বারের জন্য ব্রজবাসীদের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানান শোলের বাসন্তী।