
শেষ আপডেট: 8 April 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সরকারি স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠল শতাব্দী রায়ের বিরুদ্ধে। এ বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ।
বীরভূম লোকসভা থেকে শতাব্দী রায়কে ফের প্রার্থী করেছে তৃণমূল। রবিবার রামপুরহাটের একটি হোটেলে সরকারি শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা করেন শতাব্দী রায়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের শিক্ষক নেতা প্রলয় নায়েক সহ এলাকার বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।
তৃণমূল প্রার্থীর বৈঠকের পরেই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের অভিযোগ, ওই সভায় যে সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বেশির ভাগকেই এবারের লোকসভা নির্বাচনে ভোট কর্মী হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এমনকী তাঁদের দুটি করে নির্বাচনী প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাহলে তাঁরা কীভাবে রাজনৈতিক দলের প্রার্থীর দলীয় বৈঠকে অংশ নেন। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
তবে এই বিষয়ে খোদ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের দাবি, সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। একই দাবি করেছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা প্রলয় নায়েক। শতাব্দী বলেন, "তৃণমূল শিক্ষক সেলের বৈঠক ছিল। এদের মধ্যে সবই ভোট কর্মী কিনা তা আমার জানা নেই।"