
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 21 March 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় প্রতিটি ভোটারের মোবাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের ভাবনার হোয়াটস অ্যাপ বার্তা ঢুকছে। কোথাও হিন্দি, কোথাও ইংরেজি, কোথাও বা আঞ্চলিক ভাষায় এই বার্তা আসছে। বিরোধী দলগুলি নির্বাচন ঘোষণার পর এ ধরনের বার্তা পাঠানোকে আদর্শ আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ জানায় কমিশনে। তার ভিত্তিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে অবিলম্বে ওই বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ দিল। একইসঙ্গে নির্দেশ পালন যথাযথভাবে করা হচ্ছে তাও জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।
ভোট ঘোষণার আগে এবং পরেও প্রধানমন্ত্রীর বিকশিত ভারত প্রসঙ্গে একাধিক মেসেজ আসতে থাকে। এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কমিশনের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। অভিযোগ, এতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।
কমিশনের নির্দেশের জবাবে কেন্দ্রীয় মন্ত্রক বলেছে, কিছু মেসেজ এখনও চলে যাওয়ার কারণ হচ্ছে সিস্টেম এবং নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে। উল্লেখ্য কয়েক লক্ষ ভারতবাসীর কাছে বিকশিত ভারত সম্পর্ক লেখা প্রধানমন্ত্রী মোদীর নামাঙ্কিত বার্তা গিয়েছে হোয়াটস অ্যাপে। হোয়াটস অ্যাপ মেসেজে নাগরিকদের কাছ থেকে ফিডব্যাক ও নিজ নিজ পরামর্শও চাওয়া হয়েছে। সরকারি প্রকল্প এবং নীতি সম্পর্কে তাঁদের মতামত জানতে চেয়েছেন মোদী।
বার্তার সঙ্গে একটি পিডিএফে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, মাতৃবন্দনা যোজনা ইত্যাদির বর্ণনা, সুবিধা ও আবেদনের বিষয়ে জানানো হয়েছে। শুধু ভারতীয় নন, পাকিস্তান, আরব আমিরশাহি এবং ভুটানেও এই মেসেজ গিয়েছে। কংগ্রেস এই পিডিএফকে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি বলে বর্ণনা করেছে।