
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সেদিন তিনি যা বলেছিলেন তার অপব্যাখ্যা করা হচ্ছে। গোটা বক্তব্য না দেখিয়ে, কেবল একটি অংশ তুলে এনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কাউকে হেনস্তা করার উদ্দেশ্য তাঁর ছিল না।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের জবাব মোটামুটি ভাবে একই রকম। ইমেলের মাধ্যমে কমিশনের কাছে যে উত্তর পাঠিয়েছেন হিরণ, তাতে তিনি লিখেছেন, প্রায় ২৫ মিনিট ধরে অফিসারের সঙ্গে তাঁর কথোপকথন চলছিল। কখনও তাঁর সম্মানহানি তিনি করেননি। কিন্তু সংবাদমাধ্যমে কেবল একটা ছোট্ট অংশ দেখানো হচ্ছে। তবে এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্য করার জন্য নির্বাচন কমিশন নোটিস দিয়েছিল দিলীপ ঘোষকে। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে বলছেন, আমি তোমাদের মেয়ে। আবার ত্রিপুরায় গিয়েও বলছেন আমি তোমাদের মেয়ে। আগে নিজের বাপ তো ঠিক করুন।
আর হিরণকে দেখা গিয়েছিল, এক বিডিও-র অফিসে ঢুকে তিনি ধমকি দিচ্ছেন। হিরণের সেই ভিডিও প্রকাশ্যে চলে আসে।
ঘটনা হল, দিলীপ ঘোষ কমিশনের শোকজের জবাব দিলেও বাইরে এখনও ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছেন তিনি কোনও ভুল কাজ করেননি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাঁর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানানোয় তা নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ। এও বলছেন, কী এমন বলেছি যে দশ জনকে নিয়ে কমিশনের কাছে যেতে হল। সেই সঙ্গে দিলীপের এও বক্তব্য, তাঁর তুলনায় অনেক বেশি কুমন্তব্য করছেন তৃণমূল নেতারা।
অনেকের মতে, দিলীপ ঘোষ আসলে দেখাতে চাইছেন, কমিশন তাঁকে নোটিস পাঠালেও তিনি ভীত। তাঁর মেজাজ, অবস্থান আগের মতই থাকবে। ফর্মে কোনও বদল হবে না।