
শেষ আপডেট: 21 April 2024 10:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে। মহুয়ার বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
সূত্রের খবর, শনিবার এব্যাপারে ই-মেল এ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে কমিশন।
বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি, "গত শুক্রবার নদিয়ার জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার সময় মহুয়া যে গাড়িতে চেপেছিলেন সেটি রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি। ওই গাড়িতে মহুয়ার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরও।"
সন্দীপবাবু বলেন, "শুধু মুখের কথা নয়, আমাদের কাছে অভিযোগের সপক্ষে ভিডিও ফুটেজও রয়েছে। কমিশনে তা জমা দিয়ে বিধিভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।"
এব্যাপারে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া জানা যায়নি মহুয়া মৈত্ররও।
তবে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, “এমন কোনও ঘটনা আমরা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”